—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাজ পড়ে একই দিনে মুর্শিদাবাদে মৃত তিন । মৃতদের মধ্যে রয়েছেন সিভিক ভলান্টিয়ার এবং দুই শ্রমিক। বজ্রপাতে আহত হয়েছেন আরও তিন জন।
সোমবার বিকেলে কালবৈশাখী ঝড় হয়েছে বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদের বড়ঞার থানার সিভিক ভলান্টিয়ার সুব্রত ঘোষ ডিউটি শেষ করে সাবলপুর গ্রামে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় ৩৬ বছরের ওই যুবকের। স্থানীয় সূত্রে খবর, বজ্রপাতে জখম সুব্রত রাস্তায় পড়েছিলেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর। ওই সিভিক ভলান্টিয়ারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একই দিনে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানা এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। লালগোলা এলাকায় নদীভাঙন রোধের কাজ করছিলেন তাঁরা। বিকেল ৪টে নাগাদ কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান আমির শেখ এবং খুরশেদ শেখ নামে দুই ব্যক্তি। সেখানেই আরও তিন শ্রমিক জখম হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, মৃত এবং আহত শ্রমিকদের বাড়ি শমসেরগঞ্জ থানা এলাকায়। স্থানীয় প্রশাসনের তরফে যোগাযোগ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে।