West Bengal Weather Update

কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস! কয়েক জেলায় রয়েছে সতর্কতাও, মিলবে কি ঠান্ডার আমেজ

সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২১:৪৪
আগামী সপ্তাহে হালকা বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে।

আগামী সপ্তাহে হালকা বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে। — ফাইল চিত্র।

আগামী সপ্তাহে কলকাতা-সহ গোটা রাজ্যেই হতে পারে হালকা বৃষ্টি। কয়েক জেলায় আবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। নতুন করে শীতের আমেজ মেলার সম্ভাবনা আপাতত নেই।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেখানে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে রবিবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।

তবে রাজ্যের কোনও জেলাতেই আগামী সাত দিন তাপামাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ওড়িশায় উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। তার উপর দিয়ে চলে গিয়েছে একটি অক্ষরেখাও। তার প্রভাবেই আগামী সপ্তাহে ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যে।

Advertisement
আরও পড়ুন