Accident in Jalpaiguri

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাইকের! জলপাইগুড়িতে পথেই মৃত্যু দুই কলেজপড়ুয়ার, আহত এক

আমবাড়ি থেকে একটি বাইকে তিন যুবক হাতিমোড়ের দিকে যাচ্ছিলেন। সে সময় মনুয়াগঞ্জ সংলগ্ন তুঁতবাগান এলাকায় একটি বড় কন্টেনার গাড়ির সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭
শনিবার সকালে রাজগঞ্জে এই ট্রাকেই ধাক্কা দেয় বাইক।

শনিবার সকালে রাজগঞ্জে এই ট্রাকেই ধাক্কা দেয় বাইক। — নিজস্ব চিত্র।

রাস্তায় দাঁড়িয়ে থাকা কন্টেনার গাড়িতে ধাক্কা দিল বাইক। মৃত্যু হল দুই আরোহীর। গুরুতর আহত হলেন এক জন।‌ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার মনুয়াগঞ্জের কাছে আমবাড়ি-হাতিমোড় রাজ্য সড়কে। মৃত এবং আহতেরা রাজগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাড়ি থেকে একটি বাইকে তিন যুবক হাতিমোড়ের দিকে যাচ্ছিলেন। সে সময় মনুয়াগঞ্জ সংলগ্ন তুঁতবাগান এলাকায় একটি বড় কন্টেনার গাড়ির সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয়। শুক্রবার রাতে কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বেশ কিছুটা নীচে নেমে গিয়ে দাঁড়িয়েছিল। স্থানীয়দের অনুমান, শনিবার সকালে কুয়াশার জন্য বাইক আরোহীরা কন্টেনারটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাননি।‌ সে কারণেই দুর্ঘটনাটি বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। গুরুতর আহত হন আরও এক যুবক। মৃতেরা হলেন কর্ণদেব মণ্ডল এবং শুভাশিস ওঁরাও। আহত যুবকের নাম দীপঙ্কর মজুমদার। মৃতেরা রাজগঞ্জের বলাইগছ এলাকার একটি বেসরকারি কলেজের ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ। ‌

প্রত্যক্ষদর্শী শুভাশিস সাহা জানান, ‘‘একটি বাইকে তিন যুবক আমবাড়ি থেকে হাতিমোড়ের দিকে যাচ্ছিল৷ কুয়াশা থাকায় হয়তো খেয়াল করতে পারেনি। সজোরে এসে গাড়িতে ধাক্কা মারে। দুজন সেখানেই মারা যায়। এক জনের অবস্থা আশঙ্কাজনক।’’

Advertisement
আরও পড়ুন