অভিজিৎ দে ভৌমিক। —ফাইল চিত্র।
বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন কোচবিহার জেলার বেশ কয়েক জন তৃণমূল নেতা। এ বার কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ।
শনিবার দুপুরে জেলা পুলিশের একটি দল অভিজিতের বাড়ির পাশাপাশি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সম্রাট কুন্ডুর বাড়িতেও তল্লাশি চালিয়েছে। পুলিশের একটি সূত্রে খবর, ২০২৫ সালের ৮ অগস্ট রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় বিজেপি অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের তালিকায় একে ছিল অভিজিতের নাম। তা ছ়়াড়াও আরও কয়েক’টি মামলায় তাঁর নাম জড়ায়।
শনিবার কোচবিহার শহরের কালীঘাট রোড এলাকায় জেলা তৃণমূলের সভাপতি অভিজিতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশিতে যায় রাজ্য পুলিশের একটি দল। অভিজিতের এক আত্মীয় সম্রাট কুন্ডুর বাড়িতেও তল্লাশি চালানো হয়। যদিও কাউকেই পুলিশ পায়নি। সম্রাটের মা জানান, ছেলে বাড়িতে নেই। ছেলের শাশুড়ি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অভিজিতের দাদা অভিজিৎ দে ভৌমিক জানান, তাঁর ভাইও বাড়িতে নেই। তিনি বলেন, ‘‘পুলিশ এসেছিল গোটা বাড়ি খুঁজে দেখেছে। কেন এসেছিল, সেই বিষয়ে কোনও কথা বলেনি।’’