Tea Workers Allowance

চা শ্রমিকদের জন্য প্রকল্পে বরাদ্দ মঞ্জুর

গত শনিবার রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরের বৈঠকে বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:৫২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কেন্দ্র-রাজ্য টানাপড়েনে দীর্ঘ দিন আগে অনুমোদন হয়ে পড়ে থাকা প্রায় ৩১৭ কোটির সঙ্গে রাজ্য সরকারও বেশ কয়েক কোটি টাকা চা শ্রমিকদের জন্য বরাদ্দ করল। চা শ্রমিক এবং পরিবারের সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনায় প্রায় ৩১৩ কোটি টাকা বিভিন্ন খাতে বরাদ্দ করেছে রাজ্যস্তরের কমিটি। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছে শিক্ষা ক্ষেত্রে। রাজ্য সরকাররে পদস্থ এক আধিকারিকের কথায়, ‘‘এটি কিন্তু কোনও নির্দিষ্ট বাগানভিত্তিক প্রকল্প নয়, চা শ্রমিকদের সার্বিক প্রকল্প।’’

২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ এবং অসমের চা শ্রমিক এবং পরিবারের কল্যাণের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। কোন-কোন খাতে এই বরাদ্দ খরচ করা হবে এবং কীভাবে করা হবে তা স্থির করতে জেলাস্তরে বৈঠকও হয়। তারপরে বরাদ্দ আটকে যায়। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, কেন্দ্রীয় প্রকল্পের নামে প্রধানমন্ত্রী শব্দ থাকায় রাজ্যের আগের তৃণমূল সরকার প্রকল্প রূপায়ণ করেনি। অন্য দিকে তৃণমূলের প্রশাসনের দাবি ছিল, কেন্দ্রীয় বরাদ্দে নানা জটিলতা রয়েছে। এই টানাপড়েনে অসম সরকার বরাদ্দ খরচ করলেও রাজ্যের টাকা আটকে থাকে।

গত শনিবার রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরের বৈঠকে বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। চা শ্রমিক এবং পরিবারের সদস্যদের শিক্ষা খাতে ১৭৭ কোটি, স্বাস্থ্য খাতে ৭২ কোটি, পরিকাঠামো খাতে ৭২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পরিকাঠামো ক্ষেত্রে ক্রেশ, বিশ্রামাগার থেকে পানীয় জলের উৎস, সৌর বিদ্যুত রয়েছে। শনিবার রাজ্যস্তরের বৈঠক এবং বরাদ্দের খবর নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিঙের বিজেপি সাংসদও বরাদ্দকে স্বাগত জানিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর পরিকাঠামো নির্মাণের কাজ করবে। এ দিকে চা শ্রমিক মহল্লায় কত স্কুল রয়েছে তার তালিকাও জেলায়-জেলায় তৈরি করার কাজ শুরু হচ্ছে। ক্ষুদ্র চা চাষি সংগঠনের তরফে ইতিমধ্যেই স্কুলের একটি তালিকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। এই প্রকল্পের সুবিধে ছোট চা বাগানের শ্রমিকরাও পাবেন বলে দাবি।

এরই মধ্যে উত্তরের চা বাগানের জন্য আরও একটি সুখবর শুনিয়েছে টি বোর্ড। মে মাসের উৎপাদন গত বছরের তুলনায় বেড়েছে বলে পরিসংখ্যান দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে বোর্ড।

আরও পড়ুন