PM Narendra Modi

ব্রিগেডে মোদী! ১৫ মার্চ প্রধানমন্ত্রীর সমাবেশ দিয়ে হবে ‘পরিবর্তন যাত্রা’র পরিসমাপ্তি, রবিবার থেকে কর্মসূচি শুরু

রবিবারই রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু হচ্ছে। চার জায়গায় কর্মসূচি রয়েছে বিজেপির। সেখানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী-নেতারা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ‘যাত্রা’ উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১১:৫২
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

কলকাতার ব্রিগেডে ১৫ মার্চ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে রবিবার সকালে পোস্টার প্রকাশ করে ঘোষণা করল রাজ্য বিজেপি। ১৫ মার্চের ওই সভাতেই পরিসমাপ্তি হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র। কর্মসূচি শুরু হচ্ছে রবিবার। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করার কথা তাঁর।

Advertisement

পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক বিভাগের সংখ্যা ১০। তার মধ্যে ন’টি বিভাগেই পরিবর্তন যাত্রা হবে। শুধু কলকাতা মহানগর বিভাগে যাত্রা হবে না। কারণ, গোটা কর্মসূচির পরিসমাপ্তি পর্ব হিসাবে ব্রিগেড সমাবেশ আয়োজনের দায়িত্ব কলকাতা মহানগর বিভাগের উপরে। সেই সমাবেশের তারিখ নিয়ে জল্পনা ছিল। প্রধানমন্ত্রী তাতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছিল বিজেপি সূত্রে। তবে দলেরই একটি সূত্র বলছিল, কবে তিনি সভা করবেন, তা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের তরফে কিছু জানানো হয়নি। রবিবার সেই সভার দিন ঘোষণা করল বিজেপি।

রবিবারই রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু হচ্ছে। চার জায়গায় কর্মসূচি রয়েছে বিজেপির। সেখানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী-নেতারা। ১ মার্চ, রবিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ‘যাত্রা’ উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই দিনে আসানসোলের কুলটি থেকে আর একটি ‘যাত্রা’র উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কৃষ্ণনগর দক্ষিণে কর্মসূচির উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপি নেতা রাহুল সিংহ। কোচবিহারের রাসমেলা মাঠের কর্মসূচিতে থাকবেন বিজেপির বর্তমান সভাপতি নিতিন নবীন। ২ মার্চ, সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে সভা করার কথা তাঁর।

২ মার্চ, সোমবার মথুরাপুরে কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। হাওড়ার আমতায় কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বীরভূমের হাসনে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধনে থাকছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। আর গত কয়েক বছরে রাজ্য রাজনীতিতে বহুচর্চিত সন্দেশখালি থেকে ওই দিনই আর একটি ‘যাত্রা’-র উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের মাস ছয়েক আগে থেকে পশ্চিমবঙ্গে চলেছিল বিজেপি আয়োজিত ‘যোগদান মেলা’। জেলায় জেলায় সে সব ‘মেলা’ আয়োজন করে অন্য দলের নেতাকর্মীদের শামিল করা হচ্ছিল বিজেপিতে। তাতে বিজেপির রাজনৈতিক লাভ যে তেমন হয়নি, সে কথা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছিলেন। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তেমন কোনও কর্মসূচি আর করছে না বিজেপি। বদলে রবিবার থেকে শুরু হল ‘পরিবর্তন যাত্রা’।

Advertisement
আরও পড়ুন