—প্রতিনিধিত্বমূলক ছবি।
পথদুর্ঘটনায় মৃত্যু হল বছর সাতেকের শিশুর। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের লাভপুর থানা এলাকায়। রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ লাভপুর থানার ধনডাঙা গ্রামে চৌহাট্টা-সাঁইথিয়া সড়কের পাশে একটি দুর্ঘটনা হয়। মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল সাত বছরের একটি মেয়ে। সেই সময় চৌহাট্টার দিক থেকে দ্রুত গতিতে যাওয়া একটি টেম্পো শিশুটিকে ধাক্কা মারে। গুরুতর জখম হয় সে। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসার সুযোগ পাননি ডাক্তারেরা। তাঁরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
ওই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ঘাতক গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চালকের ভুলেই এই দুর্ঘটনা। তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বেলে অবরোধ করা হয় চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক। ফলে যান চলাচল সম্পূর্ণ ভাবে ব্যাহত হয়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে যান। গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা হল খতিয়ে দেখছে পুলিশ। খোঁজ চলছে পলাতক গাড়িচালকের।