Amanpreet Singh Gill Passed Away

৩৬ বছর বয়সে প্রয়াত কোহলির সঙ্গে ভারতীয় দলে খেলা পেসার, খেলেছেন আইপিএলেও, স্মৃতিচারণ যুবরাজের

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ়ে খেলেছিলেন অমনপ্রীত সিংহ গিল। ফাইনালে ভারতকে জেতাতে বড় ভূমিকা ছিল তাঁর। সেই দলেই খেলেছিলেন বিরাট কোহলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:৫৪
cricket

অমনপ্রীত সিংহ গিল। ছবি: এক্স।

মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অমনপ্রীত সিংহ গিল। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এই পেসার। ঘরোয়া ক্রিকেট খেলেছেন পঞ্জাবের হয়ে। আইপিএলে পঞ্জাব কিংসেও খেলেছেন অমনপ্রীত। পরবর্তী কালে পঞ্জাবের ক্রীড়া প্রশাসনেও যুক্ত ছিলেন অমনপ্রীত। কী কারণে এত অল্প বয়সে তাঁর মৃত্যু হয়েছে তা অবশ্য জানা যায়নি।

Advertisement

২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ়ে খেলেছিলেন অমনপ্রীত। ফাইনালে ভারতকে জেতাতে বড় ভূমিকা ছিল তাঁর। প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই দলেই খেলেছিলেন বিরাট কোহলি, মণীশ পাণ্ডে। যদিও পরবর্তী কালে কোহলির নেতৃত্বে ভারতের যে দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল, সেই দলে সুযোগ পাননি অমনপ্রীত।

সমাজমাধ্যমে অমনপ্রীতের স্মৃতিচারণ করেছেন যুবরাজ সিংহ। তিনি লেখেন, “অমনপ্রীতের মৃত্যুর খবরে খুব কষ্ট পেয়েছি। ওর সঙ্গে এক সময় সাজঘর ভাগ করে নিয়েছি। খুব শান্ত ছেলে ছিল। চুপচাপ থাকত। পরিশ্রম করত। ক্রিকেট ভালবাসত। ওর পরিবারকে আমার সমবেদনা। অমনপ্রীতের আত্মার শান্তি কামনা করি।”

১৯৮৯ সালের সেপ্টেম্বরে চণ্ডীগড়ে জন্ম অমনপ্রীতের। ঘরোয়া ক্রিকেটে পরিচিত ক্রিকেটার ছিলেন তিনি। পরে আইপিএলে পঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) দলেও ছিলেন। অবসরের পর পঞ্জাব ক্রিকেট সংস্থায় নির্বাচকের ভূমিকা পালন করেছেন।

অমনপ্রীতের মৃত্যুর পর বিবৃতি দিয়েছে পঞ্জাব ক্রিকেট সংস্থাও। তারা লিখেছে, “পঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক কমিটির সদস্য অমনপ্রীতের মৃত্যুতে আমরা শোকাহত। পঞ্জাব ক্রিকেটের উন্নতিতে তিনি পরিশ্রম করেছেন। নিজের দায়িত্ব পালন করেছেন। ওঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।” পঞ্জাব ক্রিকেট সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে অমনপ্রীতের শেষকৃত্য হবে।

Advertisement
আরও পড়ুন