বালি ব্যবসায়ীর বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া নগদ এবং গয়না। — নিজস্ব চিত্র।
বীরভূমের মহম্মদবাজার ব্লকের রাজ্যধরপুর গ্রামে এক বালি ব্যবসায়ীর বাড়ি এবং দফতরে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বালি ব্যবসায়ী লবণ তৃণমূলের নেতা ছিলেন। অবৈধ ভাবে নদীর চর থেকে বালি তুলে বিক্রি করতেন বলে অভিযোগ। তিনি এখন পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে বালির খাদান চালাচ্ছিলেন লবণ। তাঁর বাড়ি-সংলগ্ন দফতরে হিসাব-বহির্ভূত নগদ মজুত রয়েছে বলে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে প্রায় ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ এবং ৫০২ গ্রাম (প্রায় ৪৩ ভরি) সোনার অলঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে।
এই মামলায় জড়িত থাকার অভিযোগে সামিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত লবণ শেখ-সহ আরও দু’জন এখন পলাতক বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ।