Eastern Railway

বরাহনগর এবং দক্ষিণেশ্বরের মাঝে রেলসেতুতে কাজ, ১০ ঘণ্টার পাওয়ার ব্লক! সপ্তাহান্তে বাতিল কিছু লোকাল

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধা কমানোর উদ্দেশে সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে। কাজের কারণে বিদ্যুৎ সংযোগ ব্যাহত থাকবে নির্দিষ্ট সময়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ২২:৩১
Railways to carry out bridge repair work on the Sealdah-Dankuni section by imposing a power block

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সপ্তাহান্তে শিয়ালদহ-ডানকুনি শাখায় আবার ‘পাওয়ার ব্লক’ করে কাজ করার কথা জানাল পূর্ব রেল। সেই কারণে ১০ ঘণ্টা ওই লাইনে ট্রেনের সূচিতে বদল করা হয়েছে। কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে ওই সময়ে। এ ছাড়া কয়েকটি মেল এবং এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তনের কথাও জানিয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিকাঠামো আরও মজবুত এবং নিরাপদ করে তুলতে বরাহনগর এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যেকার রেলসেতুতে কাজ হবে। ওই সেতুর গার্ডার পাল্টানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণে আগামী রবিবার রাত ১টা পর থেকে ওই অংশে পাওয়ার ব্লক করা হবে। ১০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। রবিবার সকাল ১১টার পর আবার পুরোদমে ওই লাইনে ট্রেন চলাচল করবে।

পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ-ডাউন লাইনে আট জো়ড়া লোকাল বাতিল থাকবে। শুধু ওই শাখায় নয়, শিয়ালদহ–কল্যাণী সীমান্ত, শিয়ালদহ–নৈহাটি, বিধান নগর রোড–নৈহাটি, শিয়ালদহ–হাবরা, নৈহাটি-ব্যান্ডেল লাইনেও একগুচ্ছ ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ ছাড়াও, কিছু এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে। শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অকল তখত এক্সপ্রেস দমদম-নৈহাটি রুট দিয়ে যাবে। ডাউনে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আগরা ক্যান্ট–কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসও দমদম-নৈহাটি রুট দিয়ে ফিরবে। পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বর্ধমান হয়ে নৈহাটি রুট দিয়ে শিয়ালদহে আসবে।

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধা কমানোর উদ্দেশে সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘‘পরিকাঠামোকে সর্বোচ্চ নিরাপত্তা মানে বজায় রাখার জন্য সেতুর গার্ডার পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়। আরও নিরাপদ ও দ্রুত রেলযাত্রা নিশ্চিত করতে রেল বদ্ধপরিকর।’’

Advertisement
আরও পড়ুন