Rain in West Bengal

সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে! কোথাও কোথাও ভারী বর্ষণেরও পূর্বাভাস, উত্তরবঙ্গে কমবে কি দুর্যোগ?

গত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৪:০০
বৃষ্টিতে কলকাতার রাস্তা।

বৃষ্টিতে কলকাতার রাস্তা। — ফাইল চিত্র।

নাগাড়ে বৃষ্টিতে থেকে কিছুটা বিরাম পেতে পারেন উত্তরবঙ্গবাসী। শনিবার থেকে উত্তরের জেলাগুলিতে কমতে পারে ঝড়বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের সপ্তাহভর থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে বজ্রপাতও। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাসও রয়েছে।

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা গড়ানোর পর বৃষ্টিও নেমেছে। এ দিন কলকাতায় আকাশ মোটের উপর মেঘাচ্ছন্নই থাকবে। গোটা সপ্তাহই কলকাতা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গোটা সপ্তাহই ঝড়বৃষ্টি চলবে।

আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন। হাওয়ার গতি কোথাও কোথাও থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

অন্য দিকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে একেবারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। গোটা সপ্তাহই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। তবে শনিবার থেকে উত্তরের জেলাগুলিতে প্রবল বর্ষণের কোনও সম্ভাবনা নেই।

রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবচ্ছিন্ন ভাবে স্থলভাগে প্রবেশ করছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে সর্বত্র।

Advertisement
আরও পড়ুন