Rebel TMC MPs

বিজেপির ভূপেন্দ্রের বাংলোতেই ফের বৈঠকে বিদ্রোহী তৃণমূল! কাকলি, শতাব্দী, সায়নীরা ছাড়া উপস্থিত পদ্মশিবিরের নিশিকান্তও

সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিতে পারেন বিদ্রোহী সাংসদেরা। তৃণমূলের পৃথক ‘ব্লক’ হিসাবে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইবেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৬:৩৫
দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহীরা।

দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহীরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা ফের এক দফা বৈঠকে বসলেন দিল্লিতে। এ বারও বৈঠক সেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাংলোতেই। ৯, মতিলাল নেহরু মার্গের বাংলোয় ওই বৈঠকে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। অন্য দিকে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ গিয়েছেন ২০, আকবর রোডে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে।

Advertisement

সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিতে পারেন বিদ্রোহী সাংসদেরা। তৃণমূলের পৃথক ‘ব্লক’ হিসাবে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইবেন তাঁরা। তার আগে রবিবার বিকেলে ভূপেন্দ্রের বাড়িতে ফের একপ্রস্ত বৈঠকে বসলেন বিদ্রোহীরা। বৈঠকে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায়, অরূপ চক্রবর্তী-সহ বিদ্রোহী সাংসদেরা। ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)-ও বৈঠকে যোগ দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। বিজেপি-র নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ-এর তরফে বৈঠকে রয়েছেন ভূপেন্দ্র, নিশিকান্তের মতো বিজেপি নেতারাও। স্পিকারকে চিঠি দেওয়ার আগে এই বৈঠকে কী কী বিষয় উঠে আসে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই বৈঠকের পরে সন্ধ্যায় বিদ্রোহী শিবিরের সাংসদেরা ফের একপ্রস্ত বৈঠকে বসতে পারেন নিজেদের মধ্যে।

লোকসভায় তৃণমূলে বিদ্রোহ দেখা দেওয়ার পর থেকে দফায় দফায় বৈঠক হয়েছে ভূপেন্দ্রের বাংলোয়। প্রথম বৈঠকটি বসেছিল এই বাংলোতেই। বিদ্রোহী সাংসদদের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অতীতে ভূপেন্দ্রের বাংলোয় যেতে দেখা গিয়েছিল। শনিবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ঘুরে গিয়েছেন ভূপেন্দ্রের বাড়ি থেকে। এ বার রবিবার ফের একপ্রস্ত বৈঠকে বসল তৃণমূল সাংসদদের বিদ্রোহী শিবির।

রবিবার সকালেই কলকাতা থেকে দিল্লি গিয়েছেন কাকলি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘বৈঠক করতে দিল্লি যাচ্ছি। ২২ জন রয়েছেন আমাদের সঙ্গে।’’ উল্লেখ্য, গত সোমবার যখন তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহের কথা প্রথম প্রকাশ্যে আসে, তখন কাকলি দাবি করেন, তাঁদের সঙ্গে প্রায় ২০ জন সাংসদ রয়েছেন। এ বার নতুন করে কোন দু’জন বিদ্রোহী শিবিরে জুড়লেন, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে।

গত শুক্রবার ১৯ সাংসদের স্বাক্ষরের একটি নথি প্রকাশ্যে আসে। তাতে সুদীপের স্বাক্ষর ছিল না। পরে শনিবার শতাব্দীর সঙ্গে দিল্লিতে গিয়ে বিদ্রোহী শিবিরের বৈঠকে যোগ দেন কলকাতা উত্তরের সাংসদ। এ অবস্থায় সোমবার স্পিকারকে জমা দেওয়া চিঠিতে কোন কোন বিদ্রোহীর স্বাক্ষর থাকে, তা নিয়ে কৌতূহল ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement
আরও পড়ুন