রাজ্য পুলিশের পদে রদবদল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিধানসভা ভোটঘোষণার ঠিক আগেই আবার এক দফা রদবদল হল রাজ্য পুলিশে। এই দফায় বদলি হল ২৭ জন ইনস্পেক্টর।
রবিবার রাজ্য পুলিশের তরফে বদলির তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুই ইনস্পেক্টর পদে বদলের কথা উল্লেখ রয়েছে। ডায়মন্ড হারবারের পুলিশ ইনস্পেক্টর শিবু দাসকে পাঠানো হল বীরভূমের রামপুরহাট থানার আইসি করে। আর ডায়মন্ড হারবারের পুলিশ ইনস্পেক্টর পদে আনা হয়েছে নিরুপম মণ্ডলকে। তিনি এত দিন ওই পুলিশ জেলারই নোদাখালি থানার আইসি ছিলেন। এ ছাড়াও, রাজ্য গোয়েন্দা দফতরেও বদল করা হয়েছে। সিআইডি এবং আইবি-র ইনস্পেক্টর পদেও রদবদল করল রাজ্য পুলিশ। আইবি-র ইনস্পেক্টর সুসীম গঙ্গোপাধ্যায়কে পাঠানো হয়েছে নোদাখালি থানার আইসি পদে। ওই পদে আনা হয়েছে অনুপম মণ্ডলকে। আর সিআইডি-র ইনস্পেক্টর সুদীপ্ত চক্রবর্তীকে শ্রীরামপুর থানার আইসি করা হয়েছে। ওই পদে আনা হয়েছে সঞ্জীব চক্রবর্তীকে। শুধু তা-ই নয়, আরও কয়েকটি জেলার ইনস্পেক্টর পদেও বদল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বারুইপুর পুলিশ জেলা, মালদহ, বীরভূম, রানাঘাট পুলিশ জেলা।
রবিবার বিকেলেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে পুলিশের ইনস্পেক্টর পদে একঝাঁক রদবদল করা হল। পুলিশ সূত্রে খবর, এটা রুটিন রদবদল। গত জানুয়ারিতে একসঙ্গে ১৯ জন ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছিল। মাস দুয়েকের মধ্যে আবার বদল।