West Bengal Assembly Election Result 2026

নির্বাচনে বিপর্যয়ের পর ‘দলবিরোধী মন্তব্য’! পাঁচ মুখপাত্রকে শো কজ় করল তৃণমূল, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব

তৃণমূলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন শো কজ়ের নোটিস দেন পাঁচ মুখপাত্রকে। দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে না, ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:৫৯
তৃণমূলের পাঠানো শো কজ় নোটিস।

তৃণমূলের পাঠানো শো কজ় নোটিস। ছবি: সংগৃহীত।

নির্বাচনী বিপর্যয়ের পরেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগ। পাঁচ মুখপাত্রকে শো কজ় করল তৃণমূল। তাঁরা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। তাঁদের প্রত্যেককেই ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। আর ২০৭টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। তৃণমূলের এই নির্বাচনী বিপর্যয়ের পরেই মুখ খুলতে শুরু করেন দলের একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক এবং বেশ কয়েক জন মুখপাত্র। সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের অনেকেই। তার পরেই তাঁদের শো কজ় করার সিদ্ধান্ত নেয় তৃণমূল।

দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন শো কজ়ের নোটিস দেন ওই পাঁচ মুখপাত্রকে। দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে না, ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে।

তৃণমূলের তরফে যাঁদের শো কজ় নোটিস পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে দু’জন একান্ত আলোচনায় জানিয়েছেন, ইতিমধ্যেই জবাবি চিঠি তৈরি করে রাখা আছে। কেউ দু’পাতা, কেউ সাড়ে চার পাতার জবাবি চিঠি পাঠাচ্ছেন দলকে। শো কজ় নোটিস পাওয়া এক মুখপাত্র বলেন, “যা জবাব দেওয়ার দিয়ে দেব। তবে এটুকু বলতে পারি, দলের অনেকে ফোন করে আমায় সমর্থন করেছেন। তাঁদের মধ্যে বিদায়ী মন্ত্রিসভার তিন সদস্যও আছেন। আমি দলের লোকজনের মনের কথা বলেছি।”

Advertisement
আরও পড়ুন