News Of The Day

বারুইপুরে কিশোরী খুনের ঘটনার তদন্ত কোন পথে। শহরে শাহ। কমিশনে চিঠি তৃণমূলের দু’পক্ষের। বিশ্বকাপ। আর কী

নিহত কিশোরীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেতে পারে পুলিশ। সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৮:০৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বারুইপুরের নিহত কিশোরীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেতে পারে পুলিশ। সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। তদন্তভার হাতে পেয়ে সিটের নজরে কী থাকবে? ধৃতের সংখ্যা কি বৃদ্ধি পাবে?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে কলকাতায় তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। শ্যামাপ্রসাদের অবদানকে পুনরায় পশ্চিমবঙ্গের সাধারণ জনতার, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় বার বার উঠে এসেছিল শ্যামাপ্রসাদের প্রসঙ্গ। এ বার শাহের হাত ধরে শ্যামাপ্রসাদের ভূমিকার কথা আপামর বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে বিজেপি।

তৃণমূলের প্রতীক ও দলের অধিকার যাবে কার কাছে? বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। দু’পক্ষই নির্বাচন কমিশনের কাছে নিজেদের দাবি পেশ করেছে। এ বার তাদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে দু’পক্ষকেই সোমবার নথি-সহ চিঠি দাখিল করতে বলেছে কমিশন। সেইমতো দু’পক্ষই নিজেদের দাবির স্বপক্ষে বিকেলের মধ্যে সেই চিঠি জমা দিতে চলেছে বলেই খবর।

ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি যাবেন ইন্দোনেশিয়া। সেখান থেকে বুধবার যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে তিন দিন একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। ত্রিদেশীয় সফরের শেষলপ্তে যাবেন নিউ জ়িল্যান্ড। ছ’দিনের বিদেশ সফর সেরে ১১ জুলাই ভারতে ফিরবেন প্রধানমন্ত্রী। তিন দেশের প্রধানের সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর।

বিশ্বকাপে টিকে থাকার লড়াই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে কোনও রকমে হারালেও এ বার সামনে স্পেন। যে দল এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একটাও গোল খায়নি। প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছে। সুতরাং শেষ বিশ্বকাপে টিকে থাকতে হলে স্পেনের বিরুদ্ধে বাড়তি দায়িত্ব নিতে হবে রোনাল্ডোকে। ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই স্মৃতি মাথায় রাখতে চাইবেন রোনাল্ডো। তবে এ বারের স্পেন আরও ভয়ঙ্কর। ফলে আজ রাত ১২:৩০ মিনিটে ডালাস স্টেডিয়ামে টান টান লড়াই দেখা যেতে পারে স্পেন ও পর্তুগালের মধ্যে। সেই ম্যাচের পর ভোর ৫:৩০ মিনিটে আমেরিকার মুখোমুখি বেলজিয়াম। আগের ম্যাচে পিছিয়ে পড়েও কোনও রকমে সেনেগালকে হারিয়েছিলেন রোমেলু লুকাকুরা। আমেরিকার বিরুদ্ধে লড়াই ততটা সহজ হবে না। তবে আমেরিকার সেরা গোলদাতা বালোগুন লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না। তাতে কিছুটা স্বস্তিতে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। দু’টি ম্যাচই সরাসরি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জ়ি৫ অ্যাপে।

বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা আরও শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে রবিবার। সোমবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও।

Advertisement
আরও পড়ুন