News Of The Day

বিশ্বজয়ী সূর্যদের খবর। ধর্নায় মমতা। কলকাতায় জ্ঞানেশেরা। দ্বিতীয় পর্ব বাজেট অধিবেশনের। আর কী কী

গত শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও চলবে সেই ধর্না। আজ মমতার ধর্নার চতুর্থ দিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

গত শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও চলবে সেই ধর্না। আজ মমতার ধর্নার চতুর্থ দিন। এসআইআরের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যার প্রতিবাদ’ এবং রাজ্যের বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের ‘চক্রান্তের’ বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন তিনি। রাষ্ট্রপতি-বিতর্ক, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ে রবিবার কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এসআইআর-এর কাজ নিয়ে বিঁধেছেন কমিশনকেও। সোমবার ধর্নামঞ্চে কী কী হয়, সে দিকে নজর থাকবে।

তিন দিনের সফরে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ১২ জন কলকাতায় এসেছেন। আজ সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। তৃণমূল-সহ আটটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে তারা। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।

আবার টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পর পর দু’বার। রবিবার সূর্যকুমার যাদবের দল ফাইনালে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। তার পর ফের সেরার মুকুট ভারতীয় ক্রিকেটে। অহমদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক দিনের বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ভারত। ফলে এই স্টেডিয়ামে শাপমুক্তিও হল। বিশ্বজয়ী ভারতীয় দলের সব খবর।

এক সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি ঘিরে এখনও অশান্ত পশ্চিম এশিয়া। রবিবারও সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন এবং সৌদি আরবে হামলার অভিযোগ উঠেছে। অন্য দিকে, তেহরানেও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এরই মধ্যে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন যে হবে না তা বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের দিনেই বোঝা গিয়েছিল। কারণ, পাঁচ আসনে পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সোমবার দুপুর তিনটেয় মনোয়নয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হলেই পাঁচ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে জয়ীর শংসাপত্র দেওয়া হবে। তৃণমূলের পক্ষে প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যেতে চলেছেন। অন্য দিকে, বিজেপির মনোনীত রাহুল সিংহ‌ও যাচ্ছেন রাজ্যসভায়।

সোমবার সংসদে আবার শুরু হবে বাজেট অধিবেশন। দ্বিতীয় দফা শেষ হবে ২ এপ্রিল। লোকসভার স্পিকার পদ থেকে ওম বিড়লাকে সরানোর জন্য প্রস্তাব এনেছে বিরোধীরা। ইরানে সংঘাত, এপস্টিন ফাইল, আমেরিকার সঙ্গে বাণিজ্য-সমঝোতা নিয়ে মোদী সরকারকে কোণঠাসা করতে একযোগে সরব হতে পারে বিরোধী দলগুলি। পিটিআই জানাচ্ছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে বক্তৃতা করতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

সোম এবং মঙ্গলবার দক্ষিণ এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি দুর্নীতির মামলা থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া-সহ ২১ জনকে অব্যাহতি দিয়েছিল। সিবিআই সেই রায় চ্যালেঞ্জ করে দিল্লির উচ্চ আদালতে আবেদন করেছিল। সোমবার দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এই মামলা শুনবেন।

Advertisement
আরও পড়ুন