News Of The Day

বিধানসভায় বাজেট অধিবেশন শুরু। বিশ্বকাপ ফুটবল। আবহাওয়া। রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ। আর কী নজরে

দুপুরে বিধানসভায় রাজ‍্যপাল আরএন রবির বক্তৃতা দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। এই উপলক্ষে বিধানসভায় থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা। রাজ‍্যে পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রাজ‍্যে পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। আজ দুপুরে বিধানসভায় রাজ‍্যপাল আরএন রবির বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। এই উপলক্ষে বিধানসভায় থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা। থাকবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ সব বিরোধী দলের বিধায়কেরাও। ২২ জুন বাজেট পেশ হবে। অধিবেশন চলবে ২৫ জুন পর্যন্ত।

বিশ্বকাপে আজ ও কাল মিলিয়ে মোট চারটি ম‍্যাচ। আজ রাত ৯:৩০ থেকে চেকিয়া-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ। এর পর রাত ১২:৩০ থেকে রয়েছে সুইৎজ়ারল‍্যান্ড বনাম বসনিয়া ম‍্যাচ। কানাডা-কাতার ম‍্যাচ রাত ৩:৩০ থেকে। কাল ভোর ৬:৩০ থেকে রয়েছে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া খেলা। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ওই প্রস্তাব কার্যকর করেননি। তিনি বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেন। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন শোভনদেব। বুধবার ওই মামলার শুনানি শেষ হয়েছে। আজ রায় ঘোষণা করবে হাই কোর্ট। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

তীব্র গরমে হাঁসফাঁস দশা। বৃষ্টির দেখা নেই। এমনকি, আকাশে মেঘও তৈরি হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিলেও কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বর্ষা প্রবেশ করলেও রাজ্যের দক্ষিণ অংশে বৃষ্টিতে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

১৮ জুন প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনের ফল। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, আজ বেলা দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। ২৪ মে পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশ হচ্ছে ১৮ জুন। অর্থাৎ, এক মাসেরও কম— ২৬ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট বোর্ড। বিকেল ৪টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। https://wbjeeb.nic.in/ https://wbjeeb.in/ এই দু’টি ওয়েবসাইট থেকেই ফলাফল ডাউনলোড করা যাবে।

Advertisement
আরও পড়ুন