News Of The Day

তৃণমূলে প্রতীক-উর। এসআইআর নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের সঙ্গে হাই কোর্টের বৈঠক। আর কী নজরে

আজ তৃণমূলে যোগ দিচ্ছেন বিদ্রোহী সিপিএম নেতা প্রতীক-উর রহমান। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিসে এই যোগদান কর্মসূচি হবে। অভিষেকের হাত থেকেই তৃণমূলের পতাকা নেবেন প্রতীক-উর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ তৃণমূলে যোগ দিচ্ছেন বিদ্রোহী সিপিএম নেতা প্রতীক-উর রহমান। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিসে এই যোগদান কর্মসূচি হবে। অভিষেকের হাত থেকেই তৃণমূলের পতাকা নেবেন প্রতীক-উর। দু’বছর আগে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধেই প্রতীক-উর সিপিএমের প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন। আজ এই খবরে নজর থাকবে।

এসআইআরের তথ্যগত অসঙ্গতির বিচারের জন্য কলকাতা হাই কোর্টকে আধিকারিক নিয়োগ করতে বলেছে সুপ্রিম কোর্ট। বিচারবিভাগীয় এই আধিকারিকেরা তথ্যগত অসঙ্গতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাঁদের সহায়তা করবেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশেই শনিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এসআইআর নিয়ে আলোচনায় বসবেন। বৈঠকে থাকবেন কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল।

আজ কৃত্রিম মেধা সম্মেলনের শেষ দিন। শুরু হয়েছিল গত সোমবার। প্রাথমিক ভাবে পাঁচ দিন এই সম্মেলন চলার কথা থাকলেও পরে তা আরও এক দিন বৃদ্ধি করা হয়। কেন্দ্র জানিয়েছে, সাধারণ মানুষ এবং অতিথিদের উৎসাহ দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সম্মেলন ঘিরে বিতর্ক শুরু থেকেই। শুরুতে ওঠে অব্যবস্থার অভিযোগ। তা নিয়ে ব্যাখ্যা দিতে হয় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। পরে গালগোতিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘চিনা’ রোবট কুকুরকে ‘দেশীয়’ বলে দেখানোর অভিযোগ ওঠে। তা নিয়ে বিতর্ক এখনও চলছে। কৃত্রিম মেধা সম্মেলনের শেষ দিনে কী কী হয়, সে দিকে নজর থাকবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে কাল নামছে ভারত। প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার সামনে সূর্যকুমার যাদবের দল। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। ভারতের আসল পরীক্ষা শুরু এ বার। কী ভাবে প্রস্তুত হচ্ছে ভারতীয় দল? ম্যাচের আগের দিন কী বলছেন কোচ-অধিনায়ক? থাকছে সব খবর।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। গ্রুপ পর্বে পাকিস্তান হেরেছে ভারতের কাছে। নিউ জ়িল্যান্ডকেও হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। দুই দলই উড়ে গিয়েছে এই দু’টি ম্যাচে। আজ খেলা কলম্বোয়। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে স্পোর্টিং ক্লাব দিল্লি। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ভাল খেলে জিতেছে লাল-হলুদ। এ বার দল নিয়ে আশাবাদী এবং বাড়তি উৎসাহিত ইস্টবেঙ্গল সমর্থেকেরা। যুবভারতীতে খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আজ উচ্চ মাধ্যমিকের সপ্তম দিনের পরীক্ষা। রাশিবিজ্ঞান, মনোবিদ্যা ও ইতিহাস-সহ বেশ কিছু বিষয়ের পরীক্ষা রয়েছে আজ।

Advertisement
আরও পড়ুন