Abhishek Chatterjee Death Anniversary

‘অভিষেক চলে যাওয়ার পরদিনই শিরডী যাওয়ার কথা ছিল’, অভিনেতার মৃত্যুদিনে কোথায় শান্তি খোঁজেন সংযুক্তা-সাইনা?

এই দিনে প্রতি বছর তাই শিরডী সাইয়ের কাছে গিয়ে শান্তি পান মা-মেয়ে দু’জনেই। এই বছরেও অভিষেকের মৃত্যুবার্ষিকীর আগে শিরডী যান দু’জনে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৩:১৭
অভিষেকের মৃত্যুবার্ষিকীতে সমস্ত ব্যস্ততা থেকে নিজেদের দূরে রাখেন সংযুক্তা-সাইনা।

অভিষেকের মৃত্যুবার্ষিকীতে সমস্ত ব্যস্ততা থেকে নিজেদের দূরে রাখেন সংযুক্তা-সাইনা। ছবি: সংগৃহীত।

প্রতি বছর এই সময়ে শিরডী সাইবাবার আশ্রমে যান অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় এবং তার মা সংযুক্তা চট্টোপাধ্যায়। সাইনা এখন ছোটপর্দার লাজু হিসাবেই পরিচিত। কিন্তু তার আরও একটি পরিচয় আছে। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সে। ২০২২ সালের ২৪ মার্চ, এই দিনেই বাবাকে হারিয়েছিল সাইনা। কিন্তু, কোনও দিনই সে অভিষেকের অনুপস্থিতি বুঝতে পারেনি।

Advertisement

এই দিনে প্রতি বছর তাই শিরডী সাইয়ের কাছে গিয়ে শান্তি পান মা-মেয়ে দু’জনেই। এই বছরেও অভিষেকের মৃত্যুবার্ষিকীর আগে শিরডী যান দু’জনে। সাইনার এখন খুবই ব্যস্ততায় সময় কাটে। পড়াশোনার সঙ্গে রয়েছে ধারাবাহিকের শুটিং। ছুটি পাওয়া খুব কঠিন। কিন্তু এই সময়টা যে ভাবেই হোক, সময় বার করেন তাঁরা। অভিষেকের স্ত্রী বললেন, “বছরের এই সময়টায় আমরা বরাবরই শিরডী যাই। অভি (অভিষেক) যখন সশরীরে ছিল, তখনও আমরা যেতাম। যে দিন অভি চলে যায়, তার পরের দিনই শিরডীর টিকিট কাটা ছিল। সেই বছর তো আর যাওয়া সম্ভব হয়নি।”

তবে তার পর থেকে এই সময়টা সব কিছু থেকে দূরে নিজেদের মতো সময় কাটাতে চান মা-মেয়ে। প্রতিদিনের ব্যস্ততা, কাজকর্ম থেকে দূরে সাইবাবার আশ্রমে যেন শান্তি খুঁজে পান তাঁরা। এর পরে মুম্বইয়ে সিদ্ধি বিনায়কের মন্দিরেও পুজো দেন। সংযুক্তা যোগ করেন, “অভির অনুপস্থিতি কোনও দিন অনুভব করিনি আমরা। জানি আমাদের পাশে ও সব সময় আছে। সব কিছু থেকে দূরে বেশ শান্তি পাই।” এই বারেও এমনই পরিকল্পনা রয়েছে তাঁদের। শিরডী থেকে মুম্বই যাবেন। সেখানে কয়েক দিন থেকে তার পরে কলকাতায় ফিরবেন সংযুক্তা এবং সাইনা।

Advertisement
আরও পড়ুন