Rain Forecast

রাতে আরও বৃষ্টি নামবে কলকাতা এবং দুই ২৪ পরগনায়! বইবে ঝোড়ো হাওয়া, আগামী কয়েক দিন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সেখানে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২১:১৫
কলকাতায় বৃষ্টি।

কলকাতায় বৃষ্টি। —ফাইল চিত্র।

সোমবার সন্ধ্যা থেকেই কলকাতায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। হাওড়া, হুগলি এবং উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছে সন্ধ্যায়। রাতে দুই ২৪ পরগনা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে রাতে। সঙ্গে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

আগামী কয়েক দিনও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পরে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তখনও হালকা বৃষ্টি চলবে।

আগামী কয়েক দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। একেবারে উত্তরের পাঁচ জেলা— আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলাগুলিতে। বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বভাস আছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায় ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের হাওয়ার গতি থাকতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও। ওই দিন দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একেবারে উত্তরের পাঁচ জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন। তার পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সেখানে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে। তার পরের দু’দিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত আবার পারদ চড়তে পারে।

Advertisement
আরও পড়ুন