Bangladesh Awami League

এ বার খুলনা, আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলা হল! ফুলের মালা হাসিনার ছবিতে

শুক্রবারই বাংলাদেশের পঞ্চগড় সদর উপজেলায় বিএনপি-র এক নেতার উদ্যোগে আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। এ বার আওয়ামী লীগের কার্যালয়ে তালা খুলল খুলনায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪
খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিতে মালা দেওয়া হয় রবিবার।

খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিতে মালা দেওয়া হয় রবিবার। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের খুলনায় সে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হল আওয়ামী লীগের কার্যালয়ে। ফুলের মালা দেওয়া হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে। উঠল ‘জয় বাংলা’ স্লোগানও।

Advertisement

বাংলাদেশে এখনও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে খুলনায় আওয়ামী লীগের এই কার্যালয়টি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়ে ছিল। রবিবারে বিকেলে আচমকাই সেখান পৌঁছে যান আওয়ামী লীগের একদল নেতা-কর্মী। তাঁরাই সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে মুজিবুর এবং হাসিনার ছবিতে মালা দেন।

দলীয় কার্যালয়ে এই কর্মসূচিতে ছাত্র লীগের এক প্রাক্তন নেতাও উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা ‘প্রথম আলো’কে জানান, এই কর্মসূচির জন্য আলাদা কোনও আয়োজন করা হয়নি। কার্যালয়টি তালাবন্ধ অবস্থায় পড়ে ছিল। তাই বিকেলে তাঁরা সেখানে গিয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তাঁর দাবি, দলীয় নির্দেশে নয়, নিচুতলার কর্মীরাই উদ্যোগী হয়ে এই পদক্ষেপ করেছেন। তিনি বলেন, “আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা ঐক্যবদ্ধই রয়েছি। যে কোনও কর্মসূচির জন্য আমরা তৈরি। শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা।”

রবিবারের এই ঘটনা প্রসঙ্গে খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের বক্তব্য, “এত দিন একটি অবৈধ সরকার ছিল। মবের রাজত্ব চলছিল। আমাদের রাজনৈতিক অধিকার আছে। এখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করি নির্বাচিত সরকার একটি বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের রাজনীতি করার সুযোগ দেবে।”

বস্তুত, গত শুক্রবারই বাংলাদেশের পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। বিএনপি-র ওই নেতা প্রথমে দাবি করেন, আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সিদ্ধান্ত তাঁর দলের নয়। ব্যক্তিগত উদ্যোগেই এই কাজ করেছেন তিনি। যদিও পরে তিনি দাবি করেন, যে ঘরের তালা খোলা হয়েছে, তাকে তিনি গুদামঘর বলে জানতেন। সেখানে আওয়ামী লীগের কার্যালয় রয়েছে বলে কোনও খবরই ছিল না তাঁর কাছে।

Advertisement
আরও পড়ুন