India-Bangladesh Relation

শেষ পর্যন্ত দিল্লিতে ঢোকার অনুমতি পেয়েও কেন ফিরে যান তারেকের উপদেষ্টা? ‘ব্যাখ্যা’ দিলেন ঢাকায় বসে

জাহেদ দিল্লির ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়েছে, একটা বার্তা এই দেশ ও দেশের বাইরে যাওয়া দরকার যে, এটা শেখ হাসিনার সরকার না।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৭:৩৯
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ। — ফাইল চিত্র।

দিল্লিতে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও কেন বিমানবন্দর থেকে ফিরে গিয়েছিলেন, মঙ্গলবার এ বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, তিনি জানিয়েছেন, ‘প্রতিবাদ’ করতেই তিনি দিল্লি বিমানবন্দর ছেড়ে চলে এসেছিলেন। তাঁর দাবি, তিনি নিজের দেশ এবং অন্য দেশকে একটি বার্তা দিতে চেয়েছিলেন। তবে এর পরে ভারতের থেকে ‘যথাযথ’ আমন্ত্রণ পেলে তিনি অবশ্যই আসবেন বলে জানিয়েছেন জাহেদ।

Advertisement

অভিযোগ, রবিবার দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে ছিলেন জাহেদ। তার পরে শহরে প্রবেশের প্রয়োজনীয় অনুমতি মেলে। তবে জাহেদ দিল্লিতে আর প্রবেশ করতে চাননি বলে খবর। তিনি ঢাকা ফিরে যান। মঙ্গলবার সেখানে সাংবাদিক বৈঠকে জাহেদ বলেন, ‘‘আমি ভারতে ব্যক্তি হিসাবে যাইনি। এই সরকার (তারেক) এবং দেশের এক জন প্রতিনিধি হিসাবে গিয়েছি। সেখানে আমার সঙ্গে যা হয়েছে, আমার মনে হল একটা ইনস্ট্যান্ট প্রতিবাদ হওয়া দরকার। সেই কারণে আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’’ জাহেদ এ-ও জানিয়েছেন, তাঁকে পরে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি আর যাননি। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে তিনি বলেন, ‘‘আপনারা সংবাদমাধ্যমে দেখেছেন, একটা পর্যায়ে তারা (ভারত) খুব চেষ্টা করেছে, আমি যেন প্রবেশ করি, কর্মসূচিতে অংশগ্রহণ করি। কিন্তু আমি সেটা করিনি।’’

প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, জাহেদ দিল্লির ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়েছে, একটা বার্তা এই দেশ ও এই দেশের বাইরে যাওয়া দরকার যে, এটা শেখ হাসিনার সরকার না। এটা জনাদেশপ্রাপ্ত সরকার।’’ তবে তিনি এ-ও জানিয়েছেন, এর ফলে নেতিবাচক পরিস্থিতি তৈরি হোক, তা উদ্দেশ্য নয়।

ভবিষ্যতে ভারত থেকে আমন্ত্রণ পেলে যাবেন বলেও জানিয়েছেন জাহেদ। তাঁর কথায়, ‘‘নিশ্চয়ই যাব। আমি এ কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি, আমি যদি যথাযথ আমন্ত্রণ পাই, নিশ্চয়ই যাব।’’ তিনি আরও বলেন, ‘‘আমি ভারতের সঙ্গে আদানপ্রদান করতে চাই, আইনগত এবং যুক্তিসঙ্গত ভাবে।’’ তবে জাহেদ স্পষ্ট করেছেন, বাংলাদেশ তাঁর কাছে সবার আগে। তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে আদানপ্রদান করার কথা বললে কারও কারও মনে হয় আমি দেশ বিকিয়ে দিতে চলেছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার কখনও গড়বে না। সবার আগে বাংলাদেশ, বলছি আমরা।’’ তার পরে তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চাই, সমমর্যাদার ভিত্তিতে। ব্যবসা, বাণিজ্য-সহ আরও অনেক কিছুতে উন্নতি করার সুযোগ আছে।’’

রবিবার দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর শীর্ষ আধিকারিকদের বৈঠকে বসার কথা রয়েছে। দু’দিন চলার কথা সেই বৈঠক। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসাবে সেখানে যোগ দিতে গিয়েছিলেন জাহেদ। অভিযোগ, তাঁকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। ওই ঘটনার পরে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বঢেকে তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক।

Advertisement
আরও পড়ুন