Black Rain in Iran

ইরানের আকাশ থেকে আবার নেমে এল ‘কালো’ বৃষ্টি! তৈলভান্ডারে হামলার জের? জনস্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

তেহরানের বেশ কয়েকটি তৈলভান্ডার ধ্বংস করা হয়েছে। ফলে ইরানের আকাশে ক্রমাগত ঘন কালো ধোঁয়া জমছিল, দূষিত হচ্ছিল বায়ুমণ্ডল। আকাশে জমা মেঘ থেকে বৃষ্টি নামতেই আতঙ্ক ছড়িয়েছে ইরানের সাধারণ নাগরিকদের মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৫:০৩
কালো ধোঁয়ায় ঢেকেছে তেহরানের আকাশ। ছবি: রয়টার্স।

কালো ধোঁয়ায় ঢেকেছে তেহরানের আকাশ। ছবি: রয়টার্স।

ইরানের আকাশ থেকে নেমে এল কালো বৃষ্টি। তৈলভান্ডারগুলিতে একের পর এক হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। বিষাক্ত কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ। বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। টানা ১৫ দিনের সামরিক সংঘাতের জেরে ইরানের বহু তৈলভান্ডারকে নিশানা করছে আমেরিকা এবং ইজ়রায়েল। তেহরানের বেশ কয়েকটি তৈলভান্ডার ধ্বংস করা হয়েছে। ফলে ইরানের আকাশে ক্রমাগত ঘন কালো ধোঁয়া জমছিল, দূষিত হচ্ছিল বায়ুমণ্ডল। আকাশে জমা মেঘ থেকে বৃষ্টি নামতেই আতঙ্ক ছড়িয়েছে ইরানের সাধারণ নাগরিকদের মধ্যে।

Advertisement

তেহরানের বাসিন্দাদের দাবি, শনিবার থেকে ‘কালো’ বৃষ্টি শুরু হয়েছে। চোখ জ্বলা, শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, তৈলাক্ত এবং কালো রঙের জলের ফোঁটা আকাশ থেকে নেমে আসছে। এর মধ্যেই সামরিক সংঘাতের কারণে বাতাসে দূষণ বাড়তে থাকায় উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। বাতাসে যখন বিপুল পরিমাণে বিষাক্ত রাসায়নিক, ছাই মিশতে শুরু করে, বৃষ্টির সময় সেগুলিই জলের ফোঁটার সঙ্গে নীচে নেমে আসে। কোনও তৈলভান্ডারে আগুন লাগলে বা দাবানল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটলে বাতাসে বিষাক্ত গ্যাস এবং ছাই বিপুল পরিমাণে মিশে যায়, বৃষ্টির সঙ্গে সেগুলি নেমে আসে।

এই বৃষ্টিতে থাকতে পারে সালফার যৌগ, নাইট্রোজেন অক্সাইড, কালো কার্বন ও বিভিন্ন বিষাক্ত রাসায়নিক। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এ সব কণা মানুষের ফুসফুসের গভীরে ঢুকে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, এমনকি দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগ ও ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এই দূষিত বৃষ্টির কারণে মানুষের শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই পরিস্থিতিতে বাইরে না বার হওয়াই ভাল। এই ‘কালো’ বৃষ্টির সংস্পর্শে এলে ত্বক এবং ফুসফুসের ক্ষতি হতে পারে। এই প্রথম নয়, দিন কয়েক আগেও ইরানে এই ধরনের বৃষ্টি হয়েছে। সামরিক সংঘাতের মধ্যে নতুন একটি আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে ইরানে। স্বাস্থ্য নিয়ে আতঙ্ক বাড়ছে।

Advertisement
আরও পড়ুন