আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজের হামলা। —ফাইল চিত্র।
ওয়াশিংটনের হিল্টন হোটেলে আয়োজিত হোয়াইট হাউসের নৈশভোজে হামলাকারী বন্দুকবাজের যে লিখিত বিবৃতি প্রকাশ্যে এসেছে, তাতে অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তাঁর নাম উল্লেখ না-করলেও বন্দুকবাজের বিবৃতিতে তাঁকেই নিশানা করা হয়েছে বলে অনেকের দাবি। রবিবার সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে গিয়ে সেই বিবৃতির উল্লেখ শুনে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাম্প। সাংবাদিককে কঠোর ভাষায় ভর্ৎসনা করেন তিনি। সেই সঙ্গে বিবৃতির জবাবও দেন। বন্দুকবাজকে ‘অসুস্থ এবং খ্রিস্টানবিরোধী’ বলে দাবি করেছেন তিনি।
হামলার ১০ মিনিট আগে একটি লিখিত ‘ইস্তাহার’ পরিবারের সদস্যদের পাঠিয়েছিলেন অভিযুক্ত কোল টমাস অ্যালেন। ৩১ বছর বয়সি এই ক্যালিফর্নিয়ার যুবক বিবৃতিতে দাবি করেছিলেন, এফবিআই প্রধান ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল ছাড়া ট্রাম্পের প্রশাসনের সকল উচ্চপদস্থ আধিকারিকই তাঁর নিশানায় রয়েছেন। সকলেই তাঁর চোখে অপরাধী এবং সকলকে তিনি মারতে চান। প্রয়োজনে নৈশভোজে উপস্থিত সকল অতিথিকেও তিনি মারতে দ্বিধা করবেন না বলে জানিয়েছিলেন অ্যালেন। বিবৃতিতে লিখেছিলেন, ‘‘এখানে উপস্থিত অধিকাংশই এক শিশুকামী, ধর্ষক এবং বিশ্বাসঘাতকের ভাষণ শুনতে এসেছেন। তাই সকলেই অপরাধী।’’
রবিবার সিবিসি নিউজ়কে একটি সাক্ষাৎকার দিতে বসেছিলেন ট্রাম্প। প্রাথমিক ভাবে সাংবাদিকের সঙ্গে সংযত আচরণ করছিলেন তিনি। যে নৈশভোজে হামলা হয়েছে, সেখানেও প্রচুর সাংবাদিক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারের শুরুর দিকে ট্রাম্পের কথাবার্তায় তাই সহমর্মিতার প্রকাশ ছিল। কিন্তু বন্দুকবাজের বিবৃতির এই নির্দিষ্ট অংশ পড়ে শোনাতেই মেজাজ হারান ট্রাম্প। উল্লেখ্য, বিবৃতিতে ট্রাম্পের নাম করা হয়নি। কিন্তু তিনি বলে ওঠেন, ‘‘আমি জানতাম আপনি এই প্রসঙ্গ টানবেন। আপনারা সাংঘাতিক মানুষ। হ্যাঁ ও এটা লিখেছে। আমি ইস্তাহার পড়েছি। আমি ধর্ষক নই, কাউকে ধর্ষণ করিনি।’’ ট্রাম্পের কথার মাঝেই সাংবাদিক বলে ওঠেন, ‘‘ওহ, আপনি মনে করেন ইস্তাহারে আপনার কথা বলা হয়েছে?’’ তাঁর এই প্রশ্নকে আর পাত্তা দেননি ট্রাম্প। তিনি আরও চিৎকার করে বলে ওঠেন, ‘‘আমি শিশুকামী নই।’’
অতীতে শিশু হেনস্থার অপরাধে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের নাম জড়িয়েছে। একসময় তাঁর ঘনিষ্ঠ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে প্রসঙ্গও নিজেই উত্থাপন করেন। সাংবাদিককে বলেন, ‘‘একটা অসুস্থ লোকের ভুলভাল কথা আপনি পড়ে যাচ্ছেন? আমার নাম এমন সব বিষয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি। ও একটা অসুস্থ লোক, সেটা আপনি জানেন। তা-ও এটা এখানে পড়ছেন, আপনার লজ্জিত হওয়া উচিত।’’
বন্দুকবাজ সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘‘আমি ইস্তাহারটা পড়েছি। ও একটা উগ্রপন্থী। খ্রিস্টান ছিল। বিশ্বাস করত ধর্মে। কিন্তু তার পর খ্রিস্টানবিরোধী হয়ে গিয়েছে। খুবই অসুস্থ লোক।’’ আমেরিকায় রাজনৈতিক হিংসা বেড়ে যাওয়ার নেপথ্যে ডেমোক্র্যাটদের ঘৃণাভাষণকে দায়ী করেছেন ট্রাম্প। সঙ্গে এ-ও জানিয়েছেন, এই ধরনের হামলার চেষ্টা তাঁর উপর আগেও হয়েছে। কিন্তু তিনি ভয় পান না।