—প্রতীকী চিত্র।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান সংঘাত নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। আফগানিস্তানে একের পর এক বোমা বিস্ফোরণ নিয়ে ইসলামাবাদকে কূটনৈতিক আক্রমণ শানিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ জানিয়েছেন, আফগানিস্তানে ঢুকে একের পর এক হামলা চালানোটা আন্তর্জাতিক আইন বিরোধী। কাবুলের সার্বভৌমত্ব এর ফলে স্পষ্টতই লঙ্ঘন করা হয়েছে।
হরিশের কথায়, “এক দিকে ইসলামি ঐক্য এবং আন্তর্জাতিক আইন নিয়ে বড় বড় কথা বলে পবিত্র রামজানের মাসে নির্দয় ভাবে বোমারু বিমানের হামলায় ১৮৫ জন নিরপরাধ মানুষকে হত্যা করা নেহাতই ভন্ডামি। নিহতদের অর্ধেকের বেশি মহিলা ও শিশু।” পাকিস্তানের বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়া নিয়ে হরিশ বলেন, আল কায়দা ও আইএসআইএস-এর মতো জঙ্গি সংগঠনগুলির জন্য প্রতিবেশী দেশগুলি বিপদে পড়ছে। এই সব কুখ্যাত জঙ্গিগোষ্ঠীগুলিকে আটকাতে আন্তর্জাতিক সহযোগিতা ও সহযোগী পদক্ষেপ করা প্রয়োজন। হরিশের বক্তব্য, আফগানিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ না তুলে এবং ভারতকে দোষারোপ না করে নিজেদের দেশের সমস্যাগুলি আগে সমাধান করুক পাকিস্তান।