US Iran Tensions

নতুন করে হামলা হলে সঙ্গে সঙ্গে তার যোগ্য জবাব দেব! যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসতেই সতর্ক করে দিল ইরান

আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা ঘিরে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তারা এখনই আমেরিকার সঙ্গে আলোচনায় বসছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:২৭
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। —ফাইল চিত্র।

দু’সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসতেই এ বার ‘শত্রুপক্ষকে’ সতর্ক করে দিল ইরান। জানিয়ে দিল, নতুন করে কোনও ধরনের হামলা হলে সঙ্গে সঙ্গে তার যোগ্য জবাব দেওয়া হবে। রয়টার্স অনুযায়ী, ইরানের সামরিক বাহিনীর এক সিনিয়র কমান্ডার এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

Advertisement

আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা ঘিরে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তারা এখনই আমেরিকার সঙ্গে আলোচনায় বসছে না। হরমুজ় প্রণালীতে মার্কিন ‘অবরোধ’ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনা সম্ভব নয় বলেই জানিয়েছে তেহরান। এ অবস্থায় আমেরিকা এবং ইরান উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষবিরতির শর্ত ভাঙার অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর দু’দেশই নিজেদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর সদর দফতর খাতম আল-আম্বিয়ার কমান্ডার আলি আবদুল্লাহির দাবি, সামরিক দিক থেকে তেহরানই বর্তমানে সুবিধাজনক অবস্থায় রয়েছে। হরমুজ় প্রণালীর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একই দাবি তাঁর। ইরানি সেনার ওই কমান্ডার বলেন, “মার্কিন প্রেসিডেন্টকে আর বাস্তব পরিস্থিতি নিয়ে কোনও মিথ্যা বয়ান তৈরির করার সুযোগ দেবে না ইরান।”

আমেরিকা এবং ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা হয়েছিল পাকিস্তানে। ইসলামাবাদের হোটেলে প্রায় ২০ ঘণ্টা আলোচনার পরে কোনও চুক্তি ছাড়াই সেই বৈঠক শেষ হয়। প্রথমে শোনা যাচ্ছিল, চলতি সপ্তাহেই দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে আমেরিকা এবং ইরান। দ্বিতীয় পর্বের শান্তি আলোচনাও ইসলামাবাদেই হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ইরান জানিয়ে তারা আমেরিকার সঙ্গে এখনই আলোচনায় বসছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের মঙ্গলবার পৌঁছোনোর কথা পাকিস্তানে। তবে সেখানে তাঁরা কাদের সঙ্গে বৈঠক করবেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন