Funeral of Ayatollah Ali Khamenei

‘খামেনেইয়ের শেষকৃত্যে হামলা করলে চরম প্রতিশোধ নেওয়া হবে’! আমেরিকা, ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিল তেহরান

কূটনীতি পর্যবেক্ষকদের একাংশের মতে খামেনেইয়ের শেষকৃত্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে মার্কিন বিরোধিতার বার্তা দিতে সক্রিয় হয়েছে তেহরান। আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের দিনেই শুরু হচ্ছে শেষকৃত্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৩:০৭
Iran warns US, Israel against attacks ahead of funeral processions for Ayatollah Ali Khamenei

আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের প্রস্তুতি চলছে ইরানে। ছবি: রয়টার্স।

নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল তেহরান। ইরান ফৌজের সদর দফতর খাতাম আল-আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহি জানিয়ে দিলেন, শেষকৃত্যের সময় আমেরিকা বা ইজ়রায়েলের তরফে কোনও হামলা হলে ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে। তিনি বলেন, ‘‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে আমেরিকা ও জায়নবাদীদের (প্যালেস্টাইনের জমিতে ইহুদি রাষ্ট্র স্থাপনের মতাদর্শ) যে কোনও ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে হামলা বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।’’

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। সে দিনই নিহত হয়েছিলেন আয়াতোল্লা। চার মাসেরও বেশি সময় ধরে তাঁর দেহ সংরক্ষণ করে রাখার পরে অবশেষে রবিবার ভোর থেকে তেহরানে শুরু হচ্ছে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয়েছে ভারত-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের। আয়াতোল্লাকে সমাহিত করা হবে ৯ জুলাই, তাঁর নিজের শহর মাশহাদে। মোট পাঁচটি শহরে হবে শেষকৃত্য-অনুষ্ঠান। তাতে দেড় কোটিরও বেশি মানুষের জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই সঙ্গেই তৈরি হয়েছে মার্কিন বা ইজ়রায়েলি হামলার আশঙ্কা। যুদ্ধ পরিস্থিতিতে আয়াতোল্লার পুত্র মোজ়তবা খামেনেইকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তিনিও মার্কিন হামলায় গুরুতর জখম হন।

কূটনীতি পর্যবেক্ষকদের একাংশের মতে খামেনেইয়ের শেষকৃত্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে মার্কিন বিরোধিতার বার্তা দিতে সক্রিয় হয়েছে তেহরান। তাই বিশেষত মাশহাদে নিহত সর্বোচ্চ নেতাকে সমাহিত করার অনুষ্ঠানে হামলার আশঙ্কা করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে ইরানের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে মোজ়তবা ‘নিরাপত্তাজনিত কারণে’ সশরীরে তাঁর পিতার শেষকৃত্যে যোগ দেবেন না। সময় নির্বাচনের ক্ষেত্রেও তেহরান কৌশলী পদক্ষেপ করেছে বলে মনে করছেন অনেকে। ঘটনাচক্রে, তেহরানে আয়োতোল্লার শেষকৃত্যের অনুষ্ঠানের সূচনার সময়েই ট্রাম্প আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস (সেমিকুইনসেন্টেনিয়াল) কর্মসূচি পালন করবেন। কিন্তু পশ্চিমি সংবাদমাধ্যমের ‘নজরের’ নিরিখে ইতিমধ্যেই ওয়াশিংটনকে পিছনে ফেলে দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান পাঁচ দিনের অন্ত্যেষ্টিপর্বের বিপুল আয়োজন করে ট্রাম্পকে পিছনে ফেলে দিতে সক্রিয় হয়েছেন বলেও তৈরি হয়েছে জল্পনা।

Advertisement
আরও পড়ুন