US Iran Negotiations

দ্বিতীয় বৈঠকের দিন স্থির হয়নি, আমেরিকার সঙ্গে কিসে আটকাচ্ছে বোঝাপড়া? ইরানের উপবিদেশমন্ত্রী চেনালেন ‘কাঁটা’

আমেরিকা এবং ইরানের সমঝোতায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। মনে করা হয়েছিল, শীঘ্রই ফের বৈঠকে বসবে যুযুধান দুই দেশ। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিল তেহরান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৮:৪১
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। —ফাইল চিত্র।

আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আগে বোঝাপড়ার একটি পরিকাঠামো তৈরি করে নিতে চায় ইরান। সেই কাঠামোয় দু’পক্ষ সম্মত হলেই ফের বৈঠক হবে। এমনটাই জানিয়েছেন ইরানের উপবিদেশমন্ত্রী সইব খাতিবজ়াদে। তাঁর বক্তব্য, ইরান এবং আমেরিকার মধ্যে অনেক বিষয়েই মতানৈক্য দূর হয়েছে। তবে একটি জায়গাতে এখনও ‘কাঁটা’ রয়ে গিয়েছে। সেটিকে উপড়ে ফেলা গেলে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে।

Advertisement

আমেরিকা এবং ইরানের সমঝোতা প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। পাক সূত্র উল্লেখ করে কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, আগামী সোমবারই ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারেন যুযুধান দুই দেশের প্রতিনিধিরা। এই দ্বিতীয় দফার আলোচনাতেই সমঝোতায় হয়ে যেতে পারে। কিন্তু খাতিবজ়াদে সেই সম্ভাবনা কার্যত উড়়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, আগে বোঝাপড়ার কাঠামোতে দুই দেশকে সম্মত হতে হবে। না হলে ফের বৈঠক ব্যর্থ হতে পারে। আরও এক বার বৈঠক ব্যর্থ হলে পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের পারদ চড়ার সম্ভাবনা তৈরি হবে। ইরান তা চাইছে না।

দ্বিতীয় দফার আলোচনাও পাকিস্তানেই হবে বলে মনে করা হচ্ছে। ইরানে গিয়ে সেখানকার বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও অন্যান্য নেতার সঙ্গে দেখা করেছেন পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। সূত্রের খবর, আমেরিকার প্রস্তাব নিয়ে তেহরানে গিয়েছিলেন তিনি। তুরস্ক, কাতারও মধ্যস্থতায় সক্রিয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে। সপ্তাহান্তে আরও সরাসরি আলোচনা হতে পারে। দু’সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধি করার প্রয়োজন হবে না বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। কিন্তু ইরানের তরফে এমন কোনও মন্তব্য করা হয়নি। খাতিবজ়াদে বলেছেন, ‘‘আমরা দু’পক্ষের মধ্যে বোঝাপড়ার একটি কাঠামো চূড়ান্ত করার চেষ্টা করছি। তার আগে এমন কোনও বৈঠকে আমরা যেতে চাই না, যা ব্যর্থ হবে এবং নতুন করে উত্তেজনা তৈরি হবে।’’

ইরানের উপবিদেশমন্ত্রী আরও বলেন, ‘‘বোঝাপড়ায় সম্মত না হলে বৈঠকের দিন স্থির করা যাবে না। আসলে বোঝাপড়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু অপর পক্ষের চরমপন্থী দৃষ্টিভঙ্গি, ইরানকে আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম করে দেওয়ার চেষ্টা বোঝাপড়ায় বাধা দিচ্ছে।’’ ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আমেরিকার দাবির কথাই বলতে চেয়েছেন খাতিবজ়াদে। তিনি আরও বলেন, ‘‘আমি খুব স্পষ্ট করে বলছি, আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম হবে না ইরান। তা আমরা মেনে নেব না। আমরা যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হব, তা আন্তর্জাতিক আইন এবং বিধির মধ্যেই থাকতে হবে।’’

ট্রাম্প ইজ়রায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর হরমুজ় প্রণালী খুলে দিয়েছিল ইরান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ফের তা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। খাতিবজ়াদে জানিয়েছেন, আমেরিকা কথা রাখেনি। ইরান হরমুজ় খুলে দিলেও ইরানের জাহাজের জন্য আমেরিকা অবরোধ চালিয়ে যাবে বলে দাবি করেছিল। সেই কারণেই জলপথ ফের বন্ধ করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন