US-Iran War

ইরান যুদ্ধে আমেরিকাকে কি সত্যিই জড়িয়েছে ইজ়রায়েল? নেতানিয়াহুর দাবি, ‘ট্রাম্পকে বলে দিতে হয় না কী করতে হবে’

ইরান যুদ্ধে আমেরিকা-ইজ়রায়েলের ‘সমন্বয়ের’ প্রশংসা করেছেন নেতানিয়াহু। তাঁর মতে, ‘‘আমরা দ্রুত গতিতে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলেছি।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৯:৫৬
Benjamin Netanyahu said they didn\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'t push US into war dgtlBenjamin Netanyahu said they didn\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'t push US into war

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে টেনেছিল ইজ়রায়েল? এমন দাবি উড়িয়ে দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি এ সংক্রান্ত যে সব দাবি প্রকাশ্যে এসেছে, সব ক’টাকেই ‘ভুয়ো’ বলে জানালেন তিনি। শুধু তা-ই নয়, নেতানিয়াহুর মতে, কখন কী করতে হবে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে দিতে হয় না!

Advertisement

নেতানিয়াহু বলেন, ‘‘আমরা নাকি আমেরিকাকে যুদ্ধে টেনে এনেছি। এই গুজবটা ছড়ানো হচ্ছে। এটা শুধু গুজবই নয়, হাস্যকরও বটে। কেউ কি সত্যিই মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে দিতে হয়, কী করতে হবে?’’ ইজ়রায়েলের প্রধানমন্ত্রী মনে করেন, ‘‘আমেরিকার জন্য যেটা ভাল, ট্রাম্প সেটাই করেন।’’

ইরান যুদ্ধে আমেরিকা-ইজ়রায়েলের ‘সমন্বয়ের’ প্রশংসা করেছেন নেতানিয়াহু। তাঁর মতে, ‘‘আমরা দ্রুত গতিতে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলেছি।’’ নেতানিয়াহুর কথায়, ‘‘মার্কিন-ইজ়রায়েল যৌথ বিমান হামলার ২০ দিন পর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর ক্ষমতা থাকবে না।’’

ইজ়রায়েলি প্রধানমন্ত্রী আশাবাদী, যুদ্ধে তাঁরাই জিতবেন। নিশ্চিহ্ন হয়ে যাবে ইরান। তাঁর মতে, ‘‘ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন অস্ত্রাগার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা তা ধ্বংস করব।’’ তবে নেতানিয়াহু তাঁর দাবির সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি। যদিও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, এখনই যুদ্ধ থামানোর কোনও লক্ষণ নেই। তাঁর দাবি, এই অভিযান ‘যত দিন প্রয়োজন, তত দিন চলবে’! নেতানিয়াহু আরও দাবি করেন, হরমুজ় প্রণালী ‘বন্ধ’ করে ইরান যে ভাবে বিশ্বকে ‘ব্ল্যাকমেল’ করার পথ নিয়েছে, তা কখনওই সফল হবে না।

প্রসঙ্গত, বিভিন্ন সময় তেহরান এই যুদ্ধের জন্য শুধু ইজ়রায়েলকেই দায়ী করে। শুধু ইরান নয়, আমেরিকার অন্দরেও এই নিয়ে বিস্তর আলোচনা হয়। আমেরিকানদের একাংশ মনে করেন, এই যুদ্ধ আমেরিকার ‘স্বার্থবিরোধী’। ইজ়রায়েলের কথাতেই ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে আমেরিকা। দিন দুয়েক আগে মার্কিন প্রশাসনের সন্ত্রাসদমন কেন্দ্রের অধিকর্তা জো কেন্ট নিজের পদ থেকে ইস্তফা দেন। এই ইস্তফার নেপথ্যে কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, ‘‘ইরান আমাদের জন্য আসন্ন হুমকি ছিল না। এটা স্পষ্ট যে ইজ়রায়েলের চাপে আমরা যুদ্ধ শুরু করেছি।’’ সেই সমস্ত আলোচনার মধ্যেই নেতানিয়াহু জানালেন, তাঁরা কোনও ভাবেই আমেরিকাকে যুদ্ধে জড়াননি।

Advertisement
আরও পড়ুন