যুদ্ধবিমান টাইফুন। ছবি: রয়টার্স।
বুধবার সকাল থেকেই বাহরিনে ঘন ঘন সাইরেন বাজছে। তবে কোথাও নতুন করে কোনও হামলা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, জেরুসালেমে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা যায়নি ক্ষয়ক্ষতির কথাও।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বুধবার সকালে তারা খারজ শহরে আছড়ে পড়ার আগেই একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
সৌদি আরবে আমেরিকান দূতাবাসে ইরানি হামলার পর এ বা সে দেশ থেকে মার্কিন কর্তাদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নন, এমন কর্তা এবং তাঁর পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিহত মার্কিন সেনাবাহিনীদের মধ্যে চার জনকে শনাক্ত করেছে পেন্টাগন। নিহত সেনারা হলেন, ক্যাপ্টেন কোডি এ. খোর্ক (৩৫), উইন্টার হ্যাভেন, ফ্লোরিডা। প্রথম শ্রেণির সার্জেন্ট নোয়া এল. টিটজেন্স (৪২), বেলভিউ। প্রথম শ্রেণির সার্জেন্ট নিকোল এম আমোর (৩৯), হোয়াইট বিয়ার লেক, মিনেসোটা এবং সার্জেন্ট ডেক্লান জে কোডি (২০), ওয়েস্ট ডেস মইনেস, আইওয়া। পেন্টাগন জানিয়েছে, কুয়েতে ইরানের হামলায় ওই চার সেনার মৃত্যু হয়েছে।
লেবাননের সীমান্তে এ বার সেনা পাঠাচ্ছে সিরিয়া। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, হাজারের বেশি সেনা পাঠানো হচ্ছে।
উত্তর ইজ়রায়েলে হামলা চালিয়েছে বলে দাবি করল ইরানের ‘বন্ধু’ গোষ্ঠী হিজ়বুল্লা।
ইজ়রায়েলি সেনাবাহিনী এ বার দক্ষিণ লেবাননের অন্তত ১৬টি গ্রাম খালি করার নির্দেশ দিল। গ্রামবাসীদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।
দুবাইয়ের মার্কিন উপদূতাবাসে হামলা চালিয়েছে ইরান! তবে দূতাবাসের কোনও ক্ষতি হয়নি বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, দুবাইয়ের মার্কিন উপদূতাবাসের নিকটবর্তী একটি এলাকা থেকে ধোঁয়া দেখা গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ড্রোন হামলার কারণে দুবাইয়ের মার্কিন উপদূতাবাসের নিকটবর্তী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
লেবাননে আবার নতুন করে হামলা শুরু করল ইজ়রায়েলি বাহিনী। লেবাননের সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’ দাবি, ইজ়রায়েলের বায়ুসেনা বাহিনীর হামলা চালিয়েছে পার্বত্য লেবানন এলাকায়। স্বাস্থ্য দফতরের সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের দাবি, ইজ়রায়েলি হামলায় অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে।
আবার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ইরানের হামলা নিয়ে তাঁর দাবি, ‘‘জবাব কী ভাবে দিতে হয়, তা দেখাব।’’ তিনিও এ-ও জানান, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েল তৃতীয় দফায় সামরিক অভিযান শুরু করতে চলেছে।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে দিন চারেক ধরেই জল্পনা চলছিল। উঠে আসছিল কয়েকটি নামও। তবে দৌড়ে সকলের আগে ছিলেন সদ্যনিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এ বার তাঁকে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসানো হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।