White House Firing

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা, পর পর গুলি ট্রাম্পের সামনেই! কোনও রকমে সরিয়ে নেওয়া হল প্রেসিডেন্টকে

শনিবার রাতে হোয়াইট হাউসের একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আচমকাই সেখানে গুলি চলে। ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৭:১৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজ হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজ হামলা চালিয়েছে। —ফাইল চিত্র।

আমেরিকায় হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালান ওই বন্দুকবাজ। তবে ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা।

Advertisement
গুলির শব্দে হোয়াইট হাউসে বিশৃঙ্খলা।

গুলির শব্দে হোয়াইট হাউসে বিশৃঙ্খলা। ছবি: রয়টার্স।

শনিবার রাতে (মার্কিন সময়) হোয়াইট হাউসের ওই নৈশভোজে আমেরিকার অনেক উচ্চপদস্থ কর্তাও উপস্থিত ছিলেন। তাঁদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত কারও আঘাতের খবর নেই। ঘটনার পর সমাজমাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প। জানিয়েছেন, দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে।

আতঙ্কে টেবিলের নীচে লুকোনোর চেষ্টায় অতিথিরা।

আতঙ্কে টেবিলের নীচে লুকোনোর চেষ্টায় অতিথিরা। ছবি: রয়টার্স।

সূত্রের খবর, হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল শনিবার। বহু অতিথি উপস্থিত ছিলেন। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা, তারকারাও সেখানে আমন্ত্রিত ছিলেন। গুলির শব্দ শুনে আতঙ্কে সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে টেবিলের নীচে লুকোনোর চেষ্টা করেন। কেউ ছুটে পালিয়ে যান। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ২৬০০ জন অতিথি নৈশভোজে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল। নৈশভোজের পর ট্রাম্পের কিছু বলার কথা ছিল। সেই বক্তব্য শোনার জন্য সকলে অপেক্ষা করছিলেন। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে গুলি চলে। কঠোর নিরাপত্তার মধ্যেও কী ভাবে হোয়াইট হাউসের ভিতর নৈশভোজ চলাকালীন গুলি চলল, প্রশ্ন উঠছে।

ট্রাম্প, মেলানিয়া ছাড়াও নৈশভোজের মূল টেবিলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ঠিক কী ভাবে কী ঘটল, এখনও কারও কাছে স্পষ্ট নয়। ট্রাম্প তাঁর পোস্টে সিক্রেট সার্ভিসের তৎপরতার প্রশংসা করেছেন। লিখেছেন, ‘‘কী একটা সন্ধ্যা কাটল! সিক্রেট সার্ভিস আর আইনশৃঙ্খলারক্ষা বাহিনী দারুণ কাজ করেছে। তারা দ্রুততা আর সাহসিকতার পরিচয় দিয়েছে। বন্দুকবাজকে ধরে ফেলা গিয়েছে। আমি পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বলেছি। তবে আইনশৃঙ্খলা আধিকারিকদের নির্দেশ মতো সব চলবে। শীঘ্রই ওঁরা সিদ্ধান্ত নেবেন। যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক, এই সন্ধ্যার পরিকল্পনা যে ভাবে করা হয়েছিল, তা অনেকটাই বদলে যাবে। আমাদের আবার এটা করতে হবে।’’

দ্বিতীয় পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আইনশৃঙ্খলা আধিকারিকেরা জায়গাটি খালি করে দিতে অনুরোধ করেছেন। আমরা দ্রুত সেটাই করব। আগামী আধঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করব হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে। ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং অন্য নেতারা সকলে সুস্থ আছেন। এই অনুষ্ঠানের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে আবার এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।’’

Advertisement
আরও পড়ুন