US Iran Tensions

পাকিস্তানের অনুরোধের পর ইরানের প্রথম সারির দুই নেতাকে ‘হিট লিস্ট’ থেকে সরাল ইজ়রায়েল! দাবি রিপোর্টে

ইরানের দুই প্রথম সারির নেতার উপরে হামলার সিদ্ধান্ত থেকে ইজ়রায়েল যে পিছিয়ে এসেছে, তা প্রথম প্রকাশ্যে আসে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে। তবে সেখানে পাকিস্তানের কোনও ভূমিকার কথা উল্লেখ ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৪:৩২
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। —ফাইল চিত্র।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাগের গালিবাফের উপর “হামলা না করার জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছে পাকিস্তান”। এর পরেই ওই দুই ইরানি নেতাকে নিজেদের ‘হিট লিস্ট’ থেকে সরিয়ে দিয়েছে ইজ়রায়েল— পাকিস্তানি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে রয়টার্স। যদিও পাকিস্তানি সেনা বা বিদেশ মন্ত্রক থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

পাকিস্তানি ওই সূত্র রয়টার্সকে জানায়, “ওই দুই নেতা কোথায় রয়েছেন, সে বিষয়ে ইজ়রায়েলের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। তারা চাইছিল দু’জনকেই শেষ করে দিতে। আমরা আমেরিকাকে বলেছিলাম, যদি এই দু’জনকে হত্যা করা হয়, তবে আলোচনার জন্য আর কিছুই পড়ে থাকবে না। এই কারণেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসার জন্য ইজ়রায়েলকে অনুরোধ করেছে আমেরিকা।”

আরাঘচি এবং গালিবাফের উপরে হামলার সিদ্ধান্ত থেকে ইজ়রায়েল যে পিছিয়ে এসেছে, তা প্রথম প্রকাশ্যে আসে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, শান্তি আলোচনার সম্ভাব্য পথ খোলা রাখার জন্য সাময়িক ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ইজ়রায়েল। মার্কিন আধিকারিক সূত্রে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, আরাঘচি এবং গালিবাফকে আগামী চার-পাঁচ দিনের জন্য ‘হিট লিস্ট’ থেকে সরিয়ে দিয়েছে ইজ়রায়েল। তবে সেখানে পাকিস্তানের কোনও ভূমিকার কথা উল্লেখ ছিল না।

পরে পাকিস্তানি সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানায়, ইসলামাবাদ আমেরিকাকে অনুরোধ করার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে ইজ়রায়েল। বস্তুত, গত কয়েক দিন ধরেই আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। দু’দেশের মধ্যে ‘বার্তাবাহক’-এর ভূমিকায় দেখা গিয়েছে ইসলামাবাদকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে বৈঠকের আয়োজন করতেও তৈরি আছে পাকিস্তান।

ইরানকে ইতিমধ্যে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। তাদের সেই প্রস্তাব পাকিস্তানই পৌঁছে দিয়েছে ইরানের কাছে। সেই প্রস্তাবের প্রাপ্তিস্বীকার করলেও আলোচনা নিয়ে ইরান এখনও কিছু জানায়নি। তারা বলেছে, ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন