Bangladesh Election

চাকুরিরতা মহিলাদের নিয়ে জামায়াত নেতার পোস্ট ‘কলঙ্কজনক’! এ বার আক্রমণে বিএনপির চেয়ারপার্সন তারেক

জামায়াতের তরফে দাবি করা হয়েছিল, ওই পোস্ট শফিকুর করেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেই নিয়েও মন্তব্য করেছেন তারেক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪
তারেক রহমান।

তারেক রহমান। — ফাইল চিত্র।

জামায়াতে ইসলামীর আমির তথা শীর্ষ নেতা শফিকুর রহমানরে অ্যাকাউন্ট থেকে যে পোস্ট প্রকাশ্যে এসেছিল, তা নিয়ে এর আগে আঙুল তুলেছিল বিএনপি। এ বার দলের চেয়ারম্যান তারেক রহমান সেই নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন, বাংলাদেশের মহিলাদের কী ভাবে ঘরে আটকে রাখতে চায়, সে কথাই বলেছে ওই দল। জামায়াতের (জামাত নামে সমধিক পরিচিত) শীর্ষনেতার মন্তব্য ‘কলঙ্কজনক’ বলেও উল্লেখ করেছেন তিনি।

Advertisement

সোমবার খুলনার একটি জনসভায় তারেক বলেন, ‘‘এই বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। একটি রাজনৈতিক দল তাদের কী ভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।’’ এর পরে তিনি শফিকুরের ওই পোস্টের উল্লেখ করে বলেন, ‘‘যে সব নারী, যেসব মা–বোন কাজে যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, একটি রাজনৈতিক দলের নেতা তাঁদের নিয়ে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কস্বরূপ।’’ তিনি জানান, বাংলাদেশের লক্ষ লক্ষ মহিলা পোশাক কারখানায় কাজ করে সে দেশের অর্থনীতি সচল রেখেছন। অথচ তাঁদের অপমান করা হচ্ছে। তিনি হজরত বিবি খাদিজার উদাহরণ দিয়েছেন। জানিয়েছেন, তিনিও ছিলেন সফল ব্যবসায়ী।

জামায়াতের তরফে দাবি করা হয়েছিল, ওই পোস্ট শফিকুর করেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেই নিয়েও মন্তব্য করেছেন তারেক। তিনি বলেন, ‘‘সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞেরা পরিষ্কার ভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনও সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে। যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনও দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না।’’ বিএনপি ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে মহিলাদের স্বাবলম্বী করা হবে বলেও জানিয়েছেন তারেক।

আমির শফিকুরের অ্যাকাউন্টে প্রকাশিত যে পোস্ট নিয়ে বিতর্ক, তাতে লেখা হয়েছিল, মহিলাদের নেতৃত্বদানের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত নয়। আল্লা তাতে সম্মতি দেয় না। রবিবার জামাতের প্রচার এবং সংবাদমাধ্যম বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাদের আমির অর্থাৎ শীর্ষনেতা এক্স অ্যাকাউন্ট কেউ বা কারা ‘ষড়যন্ত্রমূলক ভাবে’ হ্যাক করেছে। তাদের তথ্যপ্রযুক্তি বিভাগ এই নিয়ে খোঁজখবর নিচ্ছে। কারা করেছে, তা জানার চেষ্টা করছে। থানায় ডায়েরি করা হয়েছে বলেও জানায় জামায়াত।

বিএনপি এ কথা গোড়াতেই উড়িয়ে দেয়। চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানান, অ্যাকাউন্ট হ্যাক হলে আগে নেট ব্যবহারকারীদের জানানো উচিত। যাতে সকলে সতর্ক থাকতে পারেন। তা করা হয়নি। জনগণ ক্ষুব্ধ হওয়ার পরে দাবি করা হয়, হ্যাক হয়েছে আমিরের অ্যাকাউন্ট।

Advertisement
আরও পড়ুন