US Iran Tension

ইরানে ফের হামলা আমেরিকার! হরমুজ়ে জাহাজ আক্রমণের পাল্টা জবাব, হিংসার বদলে হিংসাই, বার্তা জেডি ভান্সের

ইরানে হামলার পরপরই সমাজমাধ্যমে পোস্ট করে বার্তা স্পষ্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জানিয়েছেন, হিংসার জবাবে হিংসাই ফেরত পাবে তেহরান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৮:৩৩
হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ।

হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ। —ফাইল চিত্র।

ইরানে ফের হামলা চালাল আমেরিকা। গত বৃহস্পতিবার হরমুজ় প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর হামলা হয়েছিল। আমেরিকার দাবি, স্বাক্ষরিত মউ-এর শর্ত ভেঙে ইরান সেই হামলা চালিয়েছে। তার জবাবেই শুক্রবার ইরানের উপকূল অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামগুলিকে নিশানা করে মার্কিন বাহিনী। উপকূলীয় র‌্যাডার সাইটেও হামলা হয়েছে বলে দাবি পশ্চিম এশিয়ায় সক্রিয় আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের।

Advertisement

ইরানে হামলার পরই সমাজমাধ্যমে পোস্ট করে বার্তা স্পষ্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জানিয়েছেন, হিংসার জবাবে হিংসাই ফেরত পাবে ইরান। তাঁর কথায়, ‘‘ইরান একটা সংঘর্ষবিরতি সমঝোতায় স্বাক্ষর করেছিল। আমরা তাকে সম্মান জানিয়েছি। মউ-এর শর্তাবলি কী ভাবে বাস্তবায়িত হচ্ছে, সেই পদ্ধতি নিয়ে ইরানের যদি কোনও আপত্তি থাকে, তারা ফোন হাতে তুলে নিতে পারে। তবে হিংসার জবাব হিংসাই।’’

উল্লেখ্য, হরমুজ়ের উপর ওই পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তাদের পাল্টা দাবি, আমেরিকাই শর্ত লঙ্ঘন করে জাহাজে হামলা চালিয়েছে। ওমান উপকূল দিয়ে ওই জাহাজটি যাচ্ছিল। অতীতে হরমুজ়ে মার্কিন অবরোধ চলাকালীন এই অংশে একাধিক জাহাজে হামলা চালিয়েছিল আমেরিকার সেনা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানই জাহাজটিকে আঘাত করেছে। এই ঘটনার পর ইরান জানিয়ে দেয়, হরমুজ় তারা আবার নিয়ন্ত্রণ করা শুরু করবে। পশ্চিম এশিয়ার দেশগুলিকেও আমেরিকার পাশে না-দাঁড়ানোর বার্তা দিয়েছে তেহরান। ফলে পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। স্বাক্ষরিত মউ টিকবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। মউ স্বাক্ষরের পর আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা সুইৎজ়ারল্যান্ডে বৈঠক করেছিলেন। জাহাজে হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ়।

ইরানের উপকূলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড। ইরানের দাবি, ওই এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে তারাও জবাব দিয়েছে। তবে ইরানের হামলা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন বাহিনী এখনও কোনও মন্তব্য করেনি।

আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তির পথে অন্যতম কাঁটা লেবাননে ইজ়রায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার সংঘাত। শুক্রবার আমেরিকার মধ্যস্থতায় ইজ়রায়েল এবং লেবানন সেই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। হিজ়বুল্লাকে নিরস্ত্র করা এবং লেবানন থেকে ইজ়রায়েলের সেনা সরিয়ে নেওয়া তার অন্যতম শর্ত। তবে এই চুক্তি কতটা বাস্তবায়িত করা যাবে, এখনও সংশয় রয়েছে। কারণ, হিজ়বুল্লা জানিয়ে দিয়েছে, তারা সহযোগিতা করবে না।

Advertisement
আরও পড়ুন