গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি এ বার ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ার বাইরেও। শ্রীলঙ্কা উপকূলের কাছে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডো দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের রণতরী। এ দিকে পশ্চিম এশিয়াতেও আমেরিকার বন্ধু দেশগুলির উপরে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মুহুর্মুহু উড়ে যাচ্ছে একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র। হরমুজ় প্রণালীকে প্রায় ‘বন্ধ’ করে রেখেছে ইরান। বুধবারও হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন থাকে, সেই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
আজ নেপালে নির্বাচন রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জেন জি বিক্ষোভের পর পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। তার পর থেকে সে দেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কীর নেতৃত্ব দেন এই অন্তর্বর্তী সরকারের। প্রায় ছ’মাস পর নেপালে ফের সরকার গঠন হতে চলেছে। এ বারও ভোটে লড়ছেন কেপি শর্মা ওলি। ঝাপা-৫ আসনে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। র্যাপশিল্পী থেকে রাজনীতিক হওয়া বলেন্দ্র গত বছর জ়েন জি আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। নেপালের নির্বাচন সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
আজ ক্রিকেটে মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। এই নিয়ে পর পর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দু’দল মুখোমুখি হচ্ছে। ২০২২ সালে জিতেছিল ইংল্যান্ড। ২০২৪ সালে জিতেছিল ভারত। শেষ পর্যন্ত রোহিত শর্মার নেতৃত্বে সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এ বার কী হবে? দুই দলের দুই অন্যতম সেরা ব্যাটার অভিষেক শর্মা ও জস বাটলার ফর্মে নেই। আসল ম্যাচে কি জ্বলে উঠতে পারবেন তাঁরা? মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আইএসএলে আজ ইস্টবেঙ্গলের খেলা। যুবভারতীতে বিপক্ষে গোয়া। এটি লাল-হলুদের চতুর্থ ম্যাচ। প্রথম দু’টি ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচে হেরেছে অস্কার ব্রুজ়োর দল। আজ কি জয়ে ফিরতে পারবে তারা? খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন আজ পশ্চিমবঙ্গে। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন। পাশাপাশি, বিজেপির তরফে মনোনয়ন জমা দেবেন রাহুল সিংহ। শুক্রবার স্ক্রুটিনির দিন রয়েছে। ৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ওই দিন জয়ীর শংসাপত্র পেয়ে যাবেন মনোনয়নকারীরা। যদিও, ১৬ মার্চ রাজ্যসভা ভোটের দিন ধার্য হয়েছে। যে হেতু কোনও অতিরিক্ত প্রার্থী মনোনয়ন দেননি, তাই ভোট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।