US Iran Tension

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে আছড়ে পড়া ড্রোন দেখতে ইরানি হলেও ছোড়া হয়নি ইরান থেকে! বিবৃতি দিয়ে জানাল ব্রিটেন

ব্রিটিশ ঘাঁটিতে ওই হামলার ঠিক আগের দিনই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তিনি দাবি করেন, ইরানে প্রথম হামলার সময়ে ব্রিটেন জড়িত ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১১:১০
সাইপ্রাসে ব্রিটিশ বায়ুসেনার ঘাঁটি।

সাইপ্রাসে ব্রিটিশ বায়ুসেনার ঘাঁটি। —ফাইল চিত্র।

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে আছড়ে পড়া ড্রোন ইরান থেকে ছোড়া হয়নি। এ বার এমনটাই দাবি করল ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক। তাদের দাবি, যে ড্রোন দিয়ে হামলা হয়েছিল সেটি শাহেদ ড্রোনের মতোই দেখতে। তবে সেটি ইরান থেকে ছোড়া হয়নি।

Advertisement

সোমবার সাইপ্রাসের আক্রোতিরিতে ব্রিটিশ বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলা হয়। দু’টি ড্রোন দিয়ে হামলা হয়। তার মধ্যে একটি আছড়ে পড়ার আগেই ধ্বংস করে দেয় ব্রিটিশ বাহিনী। অন্যটি আছড়ে পড়ে রানওয়েতে। যুদ্ধ পরিস্থিতির মাঝে এই হামলায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল ইরানই হামলা চালিয়েছে। কারণ, শাহেদ ড্রোন তৈরি করে ইরানই। কিন্তু এ বার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানাল, ওই ড্রোনটি ইরান থেকে ছোড়াই হয়নি। তবে কোথা থেকে ড্রোনটি ছোড়া হয়েছিল, তা নিয়ে কোনও মন্তব্য করেনি ব্রিটেন।

ব্রিটিশ ঘাঁটিতে ওই হামলার ঠিক আগের দিনই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তিনি দাবি করেন, ইরানে প্রথম হামলার সময়ে ব্রিটেন জড়িত ছিল না। পরবর্তী সময়ে শুধুমাত্র আত্মরক্ষামূলক পদক্ষেপ করছে ব্রিটিশ বাহিনী। ইরাক-যুদ্ধের ‘ভুল’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা ইচ্ছা করেই সিদ্ধান্ত নিয়েছি যে ইরানের বিরুদ্ধে হামলায় ব্রিটেন জড়িত থাকবে না। কারণ আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই এই অঞ্চল (পশ্চিম এশিয়া) এবং গোটা বিশ্বের জন্য ভাল।”

মার্কিন সেনাকেও শুধুমাত্র আত্মরক্ষামূলক উদ্দেশ্যেই কয়েকটি ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও ওই দিন জানান স্টার্মারের। ঘটনাচক্রে, ঠিক তার পরের দিনই সাইপ্রাসে ব্রিটিশ বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলা হয়। ১৯৮৬ সালের পর থেকে এই প্রথম সাইপ্রাসে কোনও সামরিক ঘাঁটিতে হামলা চলল।

বস্তুত, যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কিন্তু সোমবারের হামলার পর পরই ব্রিটেন জানিয়ে দেয়, সাইপ্রাসের ওই ঘাঁটিটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি মার্কিন বাহিনীকে। এ বার তারা জানাল, ওই ড্রোন ইরান থেকেও ছোড়া হয়নি। ফলে কে বা কারা হামলা চালাল, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

Advertisement
আরও পড়ুন