ইরানে ফের হামলার প্রস্তুতি আমেরিকার, জল্পনা বাড়ছে। প্রতিমিধিত্বমূলক ছবি।
অচলাবস্থা কাটাতে ইরানের বিরুদ্ধে কি আবার জোরদার হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা? মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সাংবাদমাধ্যম জানিয়েছে, সেন্ট্রাল কমান্ড ইরানে আবার সামরিক অভিযানের পরিকল্পনা করছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সেন্ট্রাল কমান্ড অত্যন্ত সক্রিয়। তারাই এই অঞ্চলে নজরদারি চালায়। হরমুজ় অবরুদ্ধ করার পরিকল্পনাও তাদের।
ওই প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল কমান্ড তাদের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। এ ছাড়াও তিন বাহিনীর প্রধানের সঙ্গেও আলোচনা হয়েছে সেন্টকম-এর। আগেই বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পশ্চিম এশিয়ায় আরও সামরিক অস্ত্র মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ডার্ক ইগল’ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। তবে সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখানে দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে ইজ়রায়েলে ৬০০০ টন গোলাবারুদ পাঠিয়েছে আমেরিকা। আর এখান থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, পশ্চিম এশিয়ায় অচলাবস্থা কাটাতে এ বার আরও শক্তি প্রয়োগ করবেন ট্রাম্প।
ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে দ্য ইজ়রায়েল টাইমস এবং দ্য জেরুসালেম পোস্ট জানিয়েছে, দু’টি জাহাজ বোঝাই করে এবং বিভিন্ন সামরিক বিমানে সাড়ে ৬ হাজার টন গোলাবারুদ আনা হচ্ছে। তার মধ্যে স্থল অভিযান এবং আকাশপথে অভিযানের সমস্ত সামরিক সরঞ্জামও রয়েছে। প্রচুর সেনা ট্রাক, জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল, এ ছাড়াও ঘাতক সব সরঞ্জাম নিয়ে আসছে। ওই প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের শুরু থেকে এখনও পর্যন্ত ইজ়রায়েলে ১ লক্ষ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে আমেরিকা।