Iran-Israel Conflict

ইরানে হামলা চালাতে নেতানিয়াহুকে কি বারণ করেছিলেন ট্রাম্প? নিজেই অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট

নেতানিয়াহু-ট্রাম্পের ফোনালাপ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি বলেছি, যেটা সঠিক মনে হয় সেটা করুন। আমি চাই যত দ্রুত সম্ভব এটা বন্ধ করুন।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৬:৩৫
US President Donald Trump clarified his stance regarding the phone call to Israeli Prime Minister Benjamin Netanyahu

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের উপর কোনও প্রতিশোধমূলক হামলা নয়! ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাকি ফোনে এমনই বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপ বিশ্ব কূটনৈতিক মহলে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সেই আবহে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, তিনি ইজ়রায়েলকে হামলা করা থেকে বিরত থাকতে বলেননি। তবে যত দ্রুত সম্ভব শত্রুতা অবসানের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি, আত্মবিশ্বাসের সুরে এ-ও জানান, দিন কয়েকের মধ্যেই তেহরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি হতে পারে।

Advertisement

রবিবার থেকে নতুন করে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে উত্তেজনা শুরু হয়। হামলা, পাল্টা হামলায় তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে সোমবার বিকেলে (ভারতীয় সময়) ইরানের তরফে ঘোষণা করা হয়, আপাতত ইজ়রায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করছে। তবে ইজ়রায়েল যদি হামলা অব্যাহত রাখে তা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। লেবাননে হামলা থেকেও ইজ়রায়েলকে বিরত থাকার বার্তা দেয় তেহরান।

নেতানিয়াহু-ট্রাম্পের ফোনালাপ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি বলেছি, যেটা সঠিক মনে হয় সেটা করুন। আমি চাই যত দ্রুত সম্ভব এটা বন্ধ করুন। কারণ, ইরান-ইজ়রায়েলকে যুদ্ধ বন্ধ করতেই হবে। এর সঙ্গে লেবাননের সম্পর্কও রয়েছে।’’

তেহরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প। তিনি মনে করেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার একটি চুক্তি কয়েক দিনের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে। তাঁর কথায়, ‘‘দু’-তিন দিনের মধ্যে একটা ভাল কিছু হওয়ার সুযোগ রয়েছে।’’ মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে আলোচনা এমন একটা পর্যায়ে পৌঁছোছে যেখানে এখন প্রায় কোনও বাধাই নেই। তবে সতর্ক করে এ-ও বলেন, ‘‘আমরা চাইলে খুব সহজেই ইরানের উপর বোমা হামলা করতে পারি। দু’-তিন সপ্তাহ ধরে এই হামলা চললে ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমরা বোমা হামলা করলে অনেকে মারা যাবেন। কে এমন চায়? আমি তো অন্তত চাই না।’’ ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, ইরান-ইজ়রায়েলের সাম্প্রতিক সংঘাত বন্ধ করতে তিনি সরাসরি ভূমিকা পালন করেছেন।

লেবাননে ইজ়রায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান রবিবার ইজ়রায়েলে পাল্টা হামলা চালায়। ক্ষেপণাস্ত্র ছো়ড়া হয় অন্তত ১০টি। ইজ়রায়েলি বাহিনীর দাবি, সেগুলি আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে দেশের নানা প্রান্তে বেজে উঠেছিল সাইরেন। ইরানের পদক্ষেপের পর সংবাদমাধ্যমে ট্রাম্প বলেন, ‘‘ইজ়রায়েল হামলা করেছে। ইরানও হামলা করেছে। আমরা আর কোনও হামলা চাই না।’’

Advertisement
আরও পড়ুন