US-Pakistan Relation

‘শান্তি ফেরাতে ইসলামাবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’! ভারত সফরের পরেই পাক উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রুবিয়ো

শুক্রবার ওয়াশিংটনে পাক উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে সাক্ষাতের পর রুবিও জানান, উপসাগরীয় অঞ্চলে সুস্থিতি ও শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পাকিস্তানের ধারাবাহিক ভূমিকা প্রশংসনীয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:৩৯
(বাঁদিকে) পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো (ডানদিকে)।

(বাঁদিকে) পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো (ডানদিকে)। ছবি: সংগৃহীত।

ভারত সফর শেষে দেশে ফিরেই পাকিস্তানের প্রশংসায় মুখর হলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো! পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়ে তাঁর মন্তব্য, ‘‘পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আমেরিকা-ইরান যুদ্ধবিরতির আশা তৈরি হয়েছে।’’

Advertisement

শুক্রবার ওয়াশিংটনে পাক উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে সাক্ষাতের পর রুবিও জানান, উপসাগরীয় অঞ্চলে সুস্থিতি ও শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পাকিস্তানের ধারাবাহিক ভূমিকা প্রশংসনীয়। সেই সঙ্গে ইসলামাবাদের সঙ্গে কৌশলগত বোঝাপড়া নিবিড় করার বার্তা দিয়ে তাঁর মন্তব্য, ‘‘নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির উপর কেন্দ্রীভূত একটি শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারি গড়ে তুলতে আমরা আলোচনা করেছি।’’

পাকিস্তানের বিদেশ দফতর এক বিবৃতিতে বলেছে, ‘‘এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির প্রতিফলন, দুই নেতা ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্কের বর্তমান দিকনির্দেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’’ প্রসঙ্গত, গত সপ্তাহের গোড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে হামলার হুঁশিয়ারি দেওয়ার আবার শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতা করতে সক্রিয় হয়েছে পাকিস্তান। ২১ মে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সঙ্গে বৈঠক করেছিলেন। মহসিন ইসলামাবাদে ফেরার পরেই ২২ মে তেহরানে গিয়েছিলেন পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল মুনির। ইসলামাবাদের ফিরে তিনি জানিয়েছিলেন, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

Advertisement
আরও পড়ুন