Birbhum TMC

ভোটে দায়িত্ব পালন করেনি! আঙুল তুলে বীরভূম তৃণমূলের কোর কমিটি থেকে ইস্তফা দিলেন অভিজিৎ সিংহ

লাভপুরের দু’বারের বিধায়ক ছিলেন অভিজিৎ। চলতি বছর বিধানসভা ভোটে লাভপুর আসনে বিজেপির দেবাশিস ওঝার কাছে পরাজিত হন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৬:১৯
লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ।

লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ। — ফাইল চিত্র।

বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি থেকে পদত্যাগ করলেন লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করেনি কোর কমিটি। ফলাফল নিয়ে পর্যালোচনা হয়নি। সে কারণে কর্মীদের প্রশ্নের জবাবও দেওয়া যাচ্ছে না। আগামী মঙ্গলবার বীরভূমে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে ভাঙন কোর কমিটিতে।

Advertisement

কলকাতায় বসে অভিজিৎ বলেন, “আমাদের বীরভূম জেলায় দলের সভাপতি ছিলেন না। কয়েক জন নেতাকে নিয়ে কোর কমিটি গড়ে দল চলছিল। কিন্তু দেখা গেল সেই কোর কমিটি বিধানসভা নির্বাচনে ভাল ভাবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘৪ মে ফল প্রকাশের পরে আজ, ৩০ তারিখ হয়ে গেল, কোর কমিটি কোনও বৈঠক ডাকেনি। তাই ফলাফল নিয়ে পর্যালোচনা হয়নি।’’

অভিজিতের অভিযোগ, দলীয় কর্মীদের প্রশ্নের জবাব দিতে পারছেন না নেতৃত্ব। তাঁর কথায়, ‘‘দলীয় কর্মীদের কোনও প্রশ্নের জবাব দিতে পারছি না। তাঁরাই এমন বিপর্যয়ের সময় আমাদের বীরভূম জেলা থেকে পাঁচটি আসন জিততে সাহায্য করেছে। তাই এক জন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে নিজের দায়বদ্ধতাকে মাথায় রেখেই আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” অভিজিৎ জানিয়েছেন, তিনি শীর্ষ নেতৃত্বের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।

লাভপুরের দু’বারের বিধায়ক ছিলেন অভিজিৎ। গরু পাচার মামলায় তিহাড় জেলে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি জেল থেকে ফেরার পরে বীরভূমে দলের সংগঠনের কাজ চালাতে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়ে দিয়েছিলেন। তার সদস্য হয়েছিলেন অভিজিৎও। চলতি বছর বিধানসভা ভোটে লাভপুর আসনে বিজেপির দেবাশিস ওঝার কাছে পরাজিত হন তিনি। তার পরেই এ বার কোর কমিটির দিকে আঙুল তুলে ইস্তফা দিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন