Bangladesh General Election

মোটের উপর নির্বিঘ্নেই নির্বাচন চলছে বাংলাদেশে, সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লাইন, ভোট দিলেন নাহিদ-ফখরুলরা

বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হচ্ছে বাংলাদেশে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৬
(বাঁ দিকে) ভোট দেওয়ার পর এনসিপি-র নাহিদ ইসলাম এবং বিএনপি-র মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ডান দিকে)।

(বাঁ দিকে) ভোট দেওয়ার পর এনসিপি-র নাহিদ ইসলাম এবং বিএনপি-র মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ডান দিকে)। ছবি: প্রথম আলো।

নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হল বাংলাদেশে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা মিনিটে (বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। সাধারণ নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। তবে প্রথম আলো জানিয়েছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেখানকার একটি বুথের প্রিসাইডিং অফিসারকেও সরানো হয়েছে।

Advertisement

সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। ঢাকার বেরাইদ এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নিজে ঢাকা-১১ আসনের প্রার্থী। ঠাকুরগাঁওয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (বাংলাদেশে যা ‘জামাত’ নামে পরিচিত) প্রধান শফিকুর রহমানও।

বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হচ্ছে বাংলাদেশে। গত নভেম্বরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী চারটি বিষয়ের উপর একটি প্রশ্নের ভিত্তিতে হচ্ছে ওই গণভোট। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা এবং ভিন্ন রঙের করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কি না, সেই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন ভোটাররা। প্রসঙ্গত, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর এই প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে।

বাংলাদেশের মোট ৫০টি নথিভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল ভোটে লড়ছে। প্রার্থীর সংখ্যা ২,০২৮। তাঁদের মধ্যে মহিলা রয়েছেন ৮৩ জন। ২০ জন মহিলা কোনও দলের টিকিট ছাড়াই স্বতন্ত্র ভাবে লড়ছেন। হাসিনার দল আওয়ামী লীগ ‘নিষিদ্ধ’ হওয়ায় ভোটে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের মতো গণভোটেও প্রবাসী, প্রবীণ-সহ চার শ্রেণির নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন