Trump Dinner Shooting Case

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নাসায় গবেষণা, শিক্ষকতা করতেন লস অ্যাঞ্জেলসে, ট্রাম্পের নৈশভোজে হামলার ‘চক্রী’ কোল অ্যালেন কে?

শনিবার রাতে (স্থানীয় সময় অনুযায়ী) ওয়াশিংটন হিল্টন হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় বন্দুকবাজ হামলা চালায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৩:৫৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাকারী যুবক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাকারী যুবক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোল টমাস অ্যালেন। বয়স ৩১। শুক্রবার পর্যন্ত তাঁর পরিচয় ছিল এক জন মেধাবী ছাত্র এবং পরবর্তী কলে শিক্ষক হিসাবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলা চালানোর অভিযোগে, মেধাবী সেই ছাত্র, নাসায় গবেষণা করা সেই যুবকই এখন গোটা আমেরিকার চোখে অপরাধী।

Advertisement

শনিবার রাতে (স্থানীয় সময় অনুযায়ী) ওয়াশিংটন হিল্টন হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভাইট-সহ মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। সবাই তখন নৈশভোজে গল্পে ব্যস্ত। নিরাপত্তার ঘেরাটোপে চলছিল খাওয়াদাওয়া। হঠাৎই গুলির আওয়াজ। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ট্রাম্প-সহ সকলকে সরিয়ে নিয়ে যান। বড় দুর্ঘটনার আগেই বন্দুকবাজকে ধরে ফেলেন মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তারক্ষীরা।

তদন্তকারীরা বলছেন, বলরুমে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় বন্দুকবাজকে। হোটেলের বলরুমে তখন মার্কিন প্রেসিডেন্ট-সহ মোট ২৫০০ অতিথি উপস্থিত ছিলেন। নিরাপত্তার একটু ভুলচুকেই অনেক বড় ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু সিক্রেট সার্ভিসের তৎপরতায় তা আটকানো সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কোল টমাস অ্যালেন। তাঁকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্তকারী সূত্রে খবর, অ্যালেনের সমাজমাধ্যম অ্যাকাউন্ট এবং লিঙ্কডইন প্রোফাইল বলছে, তিনি এক জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কম্পিউটার বিজ্ঞানী। এবং গেম ডেভেলপার। শুধু তা-ই নয়, লস অ্যাঞ্জলসে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক সময়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত অ্যালেন। তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট বলছে, ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তার পর ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেন।

তদন্তকারী সূত্রের খবর, আইজেকে কন্ট্রোলস নামে একটি সংস্থায় চাকরি করতেন অ্যালেন। ক্যালটেকে সহকারী শিক্ষক হিসাবেও চাকরি করেছেন। লস অ্যাঞ্জেলসে ‘টিচার অফ দ্য মান্থ’ সম্মানও পেয়েছিলেন অ্যালেন। ২০১৪ সালে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে গবেষণার কাজও করেছিলেন তিনি। নিজেকে তিনি গেম ডেভেলপার হিসাবে পরিচয় দেন। ‘বোরডম’, ‘ফার্স্ট ল’ নামে গেমগুলি তাঁরই তৈরি করা। বেশ কয়েকটি প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ভোটের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে ২৫ ডলার (২৩৫০ টাকার সামান্য বেশি) দান করেছিলেন টমাস।

এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, ‘‘সিক্রেট সার্ভিস খুব ভাল কাজ করেছে। তারা দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামলেছে।’’

Advertisement
আরও পড়ুন