ছবি: সংগৃহীত।
বেদান্ত লিমিটেডের শেয়ারে লগ্নিকারীদের জন্য সুখবর। এ বার ১:১ অনুপাতে আরও চারটি সংস্থার স্টক হাতে পাবেন তাঁরা। গত ৩০ এপ্রিল বিভাজন (ডিমার্জার) প্রক্রিয়া সম্পন্ন করে অনিল অগ্রবালের নেতৃত্বাধীন এই ধাতু ও খনি সংস্থা। মোট পাঁচটি তালিকাভুক্ত কোম্পানিতে ভেঙে যাচ্ছে বেদান্ত। ফলে কোনও রকম লেনদেন ছাড়াই তাদের একটি করে শেয়ার জমা হবে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে।
সোমবার, ১৫ জুন বাজারে আত্মপ্রকাশ করবে বেদান্তের নতুন চারটি সংস্থা। সেগুলি হল, বেদান্ত অ্যালুমিনিয়াম মেটাল লিমিটেড, বেদান্ত পাওয়ার লিমিটেড (আগে নাম ছিল তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেড), বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেড (সাবেক মালকো এনার্জি লিমিটেড) এবং বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। এর একটি করে স্টক যোগ্য লগ্নিকারীদের জন্য বরাদ্দ করেছে তারা।
ধাতু ও খনি সংস্থাটির বিভাজনের সময়ই ১ মে-কে শেয়ার নথিভুক্তের তারিখ (রেকর্ড ডেট) হিসাবে নির্ধারণ করা হয়। বর্তমানে মূল কোম্পানি বেদান্ত লিমিটেডের স্টকে লেনদেন অব্যাহত রয়েছে। কত টাকায় নতুন সংস্থাগুলি শেয়ারের দুনিয়ায় পথচলা শুরু করছে, তা জানা যায়নি। তবে বিভাজন প্রক্রিয়া শেষ হওয়ার পর বেদান্তের স্টকের দাম সামঞ্জস্যপূর্ণ রয়েছে।
খনি ও শিল্প সংস্থাটির নতুন চারটি শাখার আত্মপ্রকাশের কথা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। সেখানে বলা হয়েছে, প্রাথমিক ভাবে ‘ট্রেড টু ট্রেড’ (টি২টি) বিভাগে তাদের রাখা হবে। সেখান থেকেই লেনদেনের সমস্ত ফলাফল সরবরাহ করবে বাজার।
ব্রোকারেজ ফার্মগুলির দাবি, বেদান্তের সম্পদের মধ্যে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। ধাতু ও খনি সংস্থাটির ব্যালেন্স শিট বেশ শক্তিশালী। দস্তা ও রুপোর ব্যবসায় লাগাতার অর্থ হাতে পাচ্ছে তারা। তা ছাড়া নিজস্ব খনি থাকার কারণে আগামী দিনে অ্যালুমিনিয়ামের ব্যবসায় তাদের মোটা মুনাফা হওয়ার সম্ভাবনা প্রবল। আর তাই তালিকাভুক্তির পর নতুন সংস্থাগুলি লগ্নির ক্ষেত্রে এগুলি মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকদের একাংশ।
গত শুক্রবার, ১২ জুন বাজার বন্ধ হলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৩০৯.৪৫ টাকায় দৌড় থামায় মূল সংস্থা বেদান্ত লিমিটেড। ওই দিন ১.৪৯ শতাংশ বৃদ্ধি পায় তাদের শেয়ারের দাম। শেষ পাঁচ বছরে ধাতু ও খনি সংস্থাটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ শতাংশ। যদিও গত এক মাসে এতে প্রায় ন’শতাংশের পতন লক্ষ করা গিয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)