—প্রতীকী ছবি।
যেন অপেক্ষায় বসেছিল শেয়ারবাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করতেই লম্বা লাফ দিল সেনসেক্স এবং নিফটি। বুধবার বাজার খুলতেই ২৭০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক। বিএসই ২,৬৭৪.০৫ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বেড়ে ৭৭,২৯০.৬৩ পয়েন্টে দাঁড়ায়। ৭৩১ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪ হাজারের দোরগোড়ায়।
পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতি ঘোষণার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র পতন দেখা গিয়েছে। প্রাথমিক ভাবে তাতেই স্বস্তি ফিরেছে বাজারে। ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের হারানো অর্থ। দুই পক্ষের সমঝোতার ফলে এবং হরমুজ় প্রণালী খোলার ফলে অশোধিত তেলের দামে পতন লক্ষ করা গিয়েছে। এই ঘোষণাই লগ্নিকারীদের উৎসাহ দিয়েছে। বাজার খোলার পরই তেজি ঘোড়ার মতো নিফটি ৫০ ও সেনসেক্সের সূচক ঊর্ধ্বমুখী হয়। প্রধান দুই সূচকের সঙ্গে সঙ্গতি রেখে বৃহত্তর বাজারও ঊর্ধ্বমুখী। নিফটি মিডক্যাপ এবং নিফটি স্মলক্যাপে যথাক্রমে ৩.২৪ শতাংশ এবং ৩.১৫ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।
শেয়ারবাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতি স্বল্পমেয়াদি বাজারের চিত্রকে নাটকীয় ভাবে বদলে দিয়েছে। আগামী দিনে অপরিশোধিত তেলের দামে হ্রাস বাজারকে আরও তেজি করে তুলবে বলে আশাবাদী বিনিয়োগকারীরা। অপরিশোধিত তেলের দাম কমলে জ্বালানির খরচ হ্রাস পাবে। মুদ্রাস্ফীতির ঝুঁকি কমবে এবং সুদের হারের ওপর চাপ কমবে। ফলে বিনিয়োগের রাস্তা খুলবে। শেয়ারবাজার সূত্রে খবর, আর্থিক খাতের শেয়ারগুলির দর এক দিনেই প্রায় ৫ শতাংশ বেড়েছে। অন্য দিকে অটোমোবাইল ও আবাসন সূচক যথাক্রমে ৫ শতাংশ ও ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।