Provident Fund

পিএফের পেনশন বৃদ্ধির দাবি, তিন দিন ধর্না দিল্লির যন্তরমন্তরে

ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির সভাপতি অশোক রাউত জানান, পিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে ন’বছর ধরে আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী-সহ প্রশাসনের সকলের কাছে আবেদন করা হয়েছে। তবে কাজ হয়নি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৭:১৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রভিডেন্ট ফান্ডের আওতায় (কর্মী পেনশন প্রকল্প, ইপিএস-৯৫) এখন ন্যূনতম পেনশন ১০০০ টাকা। বহু দিন ধরে তা বাড়ানোর দাবি তুলছেন পেনশনভোগীরা। তাঁদের বিভিন্ন সংগঠন ওই অঙ্ক বাড়িয়ে ৭৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছিল আগেই। দীর্ঘ দিন ধরে এ নিয়ে আন্দোলনও চালাচ্ছে সংগঠনগুলি। তবে সরকার এখনও তা গ্রাহ্য করেনি। এ বার তাদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ‘ইপিএস-৯৫ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি’-সহ পেনশনভোগীদের আরও কিছু সংগঠন পেনশন বৃদ্ধির দাবি নিয়ে আগামীকাল সোমবার থেকে টানা তিন দিন ধর্নায় বসছে নয়াদিল্লির যন্তরমন্তরে।

ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির সভাপতি অশোক রাউত জানান, পিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে ন’বছর ধরে আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী-সহ প্রশাসনের সকলের কাছে আবেদন করা হয়েছে। তবে কাজ হয়নি। কেন্দ্র শুধু ‘সবকা সাথ সবকা বিকাশ’ (সকলের সঙ্গে সকলের উন্নতির জন্য)-এর ফাঁকা আওয়াজ দিয়ে চলেছে। অথচ অত্যাবশ্যক পণ্যের আকাশছোঁয়া দামের মধ্যে পিএফের কয়েক লক্ষ পেনশনভোগীকে মাসে মাত্র হাজার টাকায় দিন চালাতে হচ্ছে। তাঁর দাবি, ‘‘এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিন দিনের ধর্নায় বসব আমরা।’’

রাউতের অভিযোগ, পিএফের আওতায় বহু মানুষ ৩০-৩৫ বছর ধরে টাকা জমা দেওয়ার পরে গড়ে পেনশন পাচ্ছেন মাসে মাত্র ১১৭১ টাকা। অথচ কেন্দ্রেরই চালু বেশ কিছু প্রকল্পে পেনশনের ন্যূনতম অঙ্ক ৩০০০ টাকা।

উল্লেখ্য, পিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধির সুপারিশ করে সংস্থার অছি পরিষদে কয়েক বছর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা কেন্দ্রের কাছে পাঠানোও হয়েছে। কিন্তু তার পরে বহু দিন কেটে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন