Rohit Pawar to Meet mamata

অজিতের মৃত্যু: মমতার সঙ্গে দেখা করবেন রোহিত

আগামী সপ্তাহে তিনি রাহুল গান্ধী, অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে চান। মমতাও কলকাতার ধর্নামঞ্চ থেকে অজিতের মৃত্যু-প্রসঙ্গ তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৯:২৮
রোহিত পওয়ার।

রোহিত পওয়ার।

বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যুর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন, এই ঘটনার ভাল ভাবে তদন্ত হওয়া প্রয়োজন। সে সময় শরদ পওয়ার বলেছিলেন, তাঁর ভাইপোর মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। এখন সেই শরদেরই ভাইয়ের পৌত্র, এনসিপি (শরদ)-এর বিধায়ক রোহিত পওয়ার অজিতের বিমান দুর্ঘটনা নিয়ে মমতার সঙ্গে দেখা করতে চাইছেন।

রোহিত চান, ‘ইন্ডিয়া’ শিবিরের সবাই এ নিয়ে সরব হোক। রোহিত আজ দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গে বৈঠক করেছেন। আগামী সপ্তাহে তিনি রাহুল গান্ধী, অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে চান। মমতাও কলকাতার ধর্নামঞ্চ থেকে অজিতের মৃত্যু-প্রসঙ্গ তুলেছেন। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশ কুমারের আসন্ন বিদায়, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সি ভি আনন্দ বোস ও উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের বিদায়ের উদাহরণ দিয়ে তিনি অভিযোগ তোলেন, যাঁরা বিজেপির খপ্পরে পড়েছেন, তাঁরাই বিপদে পড়ছেন। এর পরেই অজিত পওয়ারের নাম করে মমতা বলেন, ‘‘আমি প্রথমেই বলেছিলাম, এর ভাল ভাবে তদন্ত হওয়া উচিত।তখন অনেকে বলেছিল, আমি কেন এই প্রশ্ন তুলছি। এখন দেখা যাচ্ছে, আমি সত্যিই বলেছিলাম। সেটা প্রমাণ হয়ে গিয়েছে।’’

আরও পড়ুন