অ্যানিমেশন নিয়ে পড়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।
স্থির ছবিকে সচল করার নামই অ্যানিমেশন। কম্পিউটার প্রযুক্তির মধ্যে নয়, তারও অনেক আগে যাত্রা শুরু হয় অ্যানিমেশনের। বলা হয়, পাঁচ হাজার বছর পুরনো ইরানে একটি মাটির পাত্রে হরিণের দৌড়ানোর ধারাবাহিক চিত্র পাওয়া গিয়েছিল, সেটিই প্রথম অ্যানিমেশন, বলেন অনেকে।
এর পর উন্নত হয়েছে প্রযুক্তি। বিশ্বায়নের যুগে যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে তথ্য প্রযুক্তিও। চাহিদা বাড়ছে অ্যানিমেটরদের। কিন্তু এই পেশায় নিযুক্ত হতে চাই উপযুক্ত শিক্ষা। বিশেষ কোর্স করতে হয় অ্যানিমেশন নিয়ে। এই প্রতিবেদনে রইল সে সবেরই সুলুকসন্ধান।
কী কী কোর্স হয়?
অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া, অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক ডিজ়াইন, অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স বিষয়ে স্নাতক স্তর পড়ার সুযোগ রয়েছে। ফিল্ম ডিজ়াইনিং-এ অ্যানিমেশনে ব্যাচেলর অফ ডিজ়াইন পড়া যায়। স্নাতক ছাড়াও, টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশন, গেমিং ডিজ়াইন, ভিএফএক্স-সহ অ্যানিমেশন সংশ্লিষ্ট নানা বিষয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ রয়েছে। শুধু স্নাতক ও ডিপ্লোমাই নয়, এই বিষয় নিয়ে স্নাতকোত্তরও পড়তে পারেন আগ্রহীরা।
যোগ্যতা
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে দ্বাদশ উত্তীর্ণ হলেই পড়া যায় অ্যানিমেশন নিয়ে। তবে সে ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই বিষয় নিয়ে পড়তে হলে প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়।
কোথায় কোথায় পড়ানো হয়?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন।
আইআইটি বম্বে
মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট)
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)
এ ছাড়াও রাজ্য ও রাজ্যের বাইরে নানা বেসরকারি প্রতিষ্ঠানেও পড়ানো হয় এই বিষয় নিয়ে।
খরচ কেমন
সরকারি প্রতিষ্ঠানে ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ। কোনও প্রতিষ্ঠানে ১ থেকে দেড় লক্ষ টাকাও হতে পারে। তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইনে খরচ অনেকটাই বেশি। প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা।
যদিও বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সের নিরিখে খরচ ধার্য করা হয়। সে ক্ষেত্রে কোর্সের ভিত্তিতে ৩০ হাজার টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা প্রয়োজন হয়।
পেশাগত সুযোগ
অ্যানিমেটর, স্টোরি বোর্ড আর্টিস্ট, ক্যারেক্টর ডিজ়াইনর, ভিএফএক আর্টিস্ট-সহ আরও নানা পদে নিযুক্ত হয়ে চাকরির সুযোগ থাকে। সরকারি থেকে বেসরকারি, এমনকি চলচ্চিত্রের কাজেও প্রয়োজন হয় অ্যানিমেশনে দক্ষ ব্যক্তিদের।