Jobs in Cryptology

ক্রিপ্টোলজি হতে পারে উচ্চ শিক্ষার বিষয়, তথ্য সুরক্ষায় কী ভাবে মিলতে পারে কর্মসংস্থানের সুযোগ?

বিশেষ সাঙ্কেতিক চিহ্নের মাধ্যমে তথ্যকে সুরক্ষিত রাখার বিজ্ঞানকে ক্রিপ্টোলজি বলা হয়। এই বিষয়টির মাধ্যমে তথ্যকে গোপন রাখা, সুরক্ষা কবচের মধ্যে তথ্য ভান্ডার সুরক্ষিত রাখার কাজগুলি শেখার সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সামান্য ফোন কলের সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিমিষে উধাও লক্ষ লক্ষ টাকা। কখনও আবার ডিজিটাল গ্রেফতারির ভুয়ো আতঙ্কে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সুরক্ষা কবচ দেওয়ার নাম করেও তথ্য চুরির ঘটনা ঘটেই চলেছে ক্রমাগত। এমন সমস্যার সমাধান লুকিয়ে সাইবার অপরাধ বিশেষজ্ঞেদের হাতের মুঠোয়। ক্রিপ্টোলজি নিয়ে পড়াশোনা করতে পারলে ওই বিষয় বিশেষজ্ঞ হওয়ার সুযোগ পেতে পারেন।

Advertisement

ক্রিপ্টোলজি কী?

বিশেষ সাঙ্কেতিক চিহ্নের মাধ্যমে তথ্যকে সুরক্ষিত রাখার বিজ্ঞানকে ক্রিপ্টোলজি বলা হয়। এই বিষয়টির মাধ্যমে তথ্যকে গোপন রাখা, সুরক্ষা কবচের মধ্যে তথ্য ভান্ডার সুরক্ষিত রাখার কাজগুলি শেখার সুযোগ রয়েছে। এ ছাড়াও এনক্রিপশন অ্যালগরিদম তৈরি করা, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম সুরক্ষিত রাখা, তথ্যের আদানপ্রদানে নজরদারির কৌশলগুলিও সংশ্লিষ্ট বিষয় থেকে শিখে নিতে পারবেন।

কারা পড়তে পারবেন?

ক্রিপ্টোলজি নিয়ে স্নাতকে কোনও কোর্স করানো হয় না। তাই যাঁরা ওই বিষয় নিয়ে পড়তে চান, তাঁদের প্রথমে বিজ্ঞান বিভাগের বিষয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পর বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে গণিত, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে।

এর পরই স্নাতকোত্তর স্তরে ক্রিপ্টোলজি নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাওয়া যাবে। এ দেশে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) কিংবা মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি কোর্সের অধীনে এই বিষয়টি নিয়ে পড়াশোনা করা যায়। তবে ক্রিপ্টোলজি ছাড়াও ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ডিজ়াইন, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টঅ্যানালিসিস নিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন।

কোথায় পড়ানো হয়?

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এ মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্সের অধীনে ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটি বিষয়টি পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র হায়দ্রাবাদ, ভিলাই থেকেও স্নাতকোত্তর স্তরে ক্রিপ্টোগ্রাফি নিয়ে পড়াশোনার সুযোগ থাকছে।

ডিগ্রির সঙ্গে চাই অনুমোদন

ক্রিপ্টোলজি কিংবা ক্রিপ্টোগ্রাফি নিয়ে জ্ঞান অর্জনের পর সরকারি অনুমোদন অর্থাৎ লাইসেন্স অর্জন করা প্রয়োজন। এ জন্য আলাদা করে ক্রিপ্টোগ্রাফি প্রফেশনাল, এথিক্যাল হ্যাকার, ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনাল, ব্লকচেন সিকিউরিটি সংক্রান্ত কাজের প্রশিক্ষণ নিতে হবে। ওই অনুমোদন থাকলেই বিষয় বিশেষজ্ঞ হিসাবে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে।

চাকরির সুযোগ কোথায় কেমন?

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রক, অর্থমন্ত্রকে ক্রিপ্টোলজি বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও সরকারি ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে ব্লকচেন ডেভেলপার, ক্রিপ্টোগ্রাফি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি আর্কিটেক্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট পদে উল্লিখিত বিষয়ে ডিগ্রি এবং অনুমোদন থাকলে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে।

স্থানীয় সংস্থার পাশাপাশি, আন্তর্জাতিক সংস্থাগুলিতেও ক্রিপ্টোলজি বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে যথেষ্ট। সে ক্ষেত্রে সরকারি সংস্থায় কাজের পূর্ব-অভিজ্ঞতা এবং অনুমোদন থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়। দেশে এবং বিদেশের সংস্থায় চাকরির শুরুতে প্রতি বছর ৫ লক্ষ টাকা বেতন হিসাবে মিলবে। পরে ওই বেতনক্রম বার্ষিক ১৫ থেকে ৪০ লক্ষ টাকা হতে পারে।

Advertisement
আরও পড়ুন