neet ug 2026

রাজ্যে একদিকে যোগ দিবস উদ্‌যাপন, অন্যদিকে নিট ইউজি-র পুনঃপরীক্ষা, সবমিলিয়ে আঁটোসাঁটো যান ব্যবস্থা

একদিকে প্রশ্নফাঁসের পরে বাতিল হওয়া নিট ইউজি পরীক্ষা ফের হচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী শহরে আসছেন, সব মিলিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। নিট ইউজি-র জন্য রাজ্যস্তরে কন্ট্রোলরুম চালু করেছে রাজ্য সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৭:৩১
— প্রতিনিধিত্বমূলক চিত্র।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

যোগ দিবস উদ্‌যাপনের মধ্যেই দেশ জুড়ে ফের আয়োজিত হচ্ছে নিট ইউজি। দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে হবে নিট-এর পুনঃপরীক্ষা। এই ৫৫২টি শহরের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি শহরেও রয়েছে পরীক্ষাকেন্দ্র। এরই মধ্যে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই শনিবার বিকাল থেকেই শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ।

Advertisement

একদিকে প্রশ্নফাঁসের পরে বাতিল হওয়া পরীক্ষা ফের হচ্ছে, অন্যদিকে শহরে প্রধানমন্ত্রীর আগমন, সব মিলিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। নিট ইউজি-র জন্য রাজ্যস্তরে কন্ট্রোলরুম চালু করেছে রাজ্য সরকার। শনিবার বেলা ১২টা থেকে সোমবার ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে কন্ট্রোলরুমের ফোন নম্বর। রাজ্য সরকারের তরফে দু’টি নম্বর (০৩৩ ২২১৪-৩৫২৬ ও ৮৬৯৭৯৮১০৭০) দেওয়ার পাশাপাশি একটি টোল-ফ্রি নম্বরও (১০৭০) দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা নিট সংক্রান্ত কোনও সমস্যা হলেই এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেই জানা গিয়েছে।

নিট-এর কারণে হাওড়া ডিভিশনেও মেমু স্পেশ্যাল ট্রেন চালানো হবে। রামপুরহাট-বর্ধমান-রামপুরহাট মেমু স্পেশ্যাল, আজিমগঞ্জ-কাটোয়া-আজিমগঞ্জ মেমু স্পেশ্যাল ট্রেন চলবে। সাধারণত মেমু স্পেশ্যাল ট্রেন সব স্টেশনে থামে না, তবে নিট পরীক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট রুটের ট্রেনগুলি সব স্টেশনে দাঁড়াবে বলেই জানানো হয়েছে।

কলকাতা মেট্রো রেলের তরফে নিট পুনঃপরীক্ষার জন্য ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সাধারণত রবিবার ব্লু লাইনে ১৫২টি মেট্রো চলে। তবে, ২১ জুন, রবিবার মোট ২১৪টি (১০৭টি আপ এবং ১০৭টি ডাউন) মেট্রো চলবে। ভোর ০৪:০০ টা থেকে সকাল ০৮:০০ টার মধ্যে আপ এবং ডাউন উভয় দিকেই ১৪ এবং ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে ১৭৩টি এবং ইয়েলো লাইনে ১১২টি মেট্রো চলবে। ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শুরু হলেও, শেষ হবে অন্যান্য রবিবারের মতোই। পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।

দক্ষিণবঙ্গের এক জেলা স্কুলের প্রধান শিক্ষক জানান, কলকাতার ক্ষেত্রে অধিকাংশ স্কুলের পড়ুয়াই যে হেতু রেড রোডে থাকছে, সে ক্ষেত্রে যোগ দিবস পালনে সমস্যা হবে না। কিন্তু, কাকভোরে জেলার বেশির ভাগ স্কুলের পড়ুয়া ও শিক্ষকই রেড রোডে যেতে পারছেন না, তাই তাঁদের স্কুলেই উদ্‌যাপন করতে হবে যোগ দিবস। সে ক্ষেত্রে সে সকল স্কুলে নিট-এর আসন পড়েছে, নিরাপত্তার খাতিরে সেই স্কুলগুলিতে সকাল ৮টার মধ্যেই নিট সংক্রান্ত কাজ শুরু হয়ে যাবে। তাই সেই স্কুলগুলিতে যোগ দিবস পালন করা যাচ্ছে না বলেই জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন