Diploma Admission 2026

দূরশিক্ষা মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ! কৃত্রিম মেধার মতো বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে পারবেন কর্মরতরাও

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকদের দূরশিক্ষা মাধ্যমে ডিপ্লোমা অর্জনের সুযোগ দেওয়া হবে। যাঁরা বর্তমানে কোনও সংস্থায় চাকরি করছেন, কিন্তু দক্ষতা অর্জন করতে আগ্রহী— তাঁরাও ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জাতীয় শিক্ষানীতির আওতায় উচ্চশিক্ষার ধরন-ধারণে আমূল বদলেছে। স্নাতক স্তরের পঠনপাঠনের সঙ্গে জুড়ে গিয়েছে হাতেকলমে কাজ শেখার কৌশল। ইন্টার্নশিপ, স্কিল ডেভেলপমেন্ট প্রগ্রাম সংযোজনের কারণে সরাসরি বৃত্তিমুখী হয়ে উঠছে উচ্চশিক্ষা। তবে, যাঁরা ইতিমধ্যেই পড়াশোনা সম্পূর্ণ করে ফেলেছেন এবং চাকরি করছেন— তাঁদেরও বিভিন্ন সমসাময়িক বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেবে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

Advertisement

কোন কোন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ?

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সাইবার ল অ্যান্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস, এনার্জি ম্যানেজমেন্ট, গর্ভন্যান্স, বিজ়নেস ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং, কমিউনিটি আই হেলথ, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, পঞ্চায়েতি রাজ গর্ভন্যান্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট— বিষয় শেখার সুযোগ মিলবে।

আবেদনের সুযোগ পাবেন কারা?

বিভিন্ন বিষয়ে স্নাতকেরা দূরশিক্ষা মাধ্যমে উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করতে পারবেন। এ ক্ষেত্রে নবীন স্নাতকদের পাশাপাশি, কর্মরত ব্যক্তিদেরও ভর্তি নেওয়া হবে। তবে, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, কমিউনিটি আই হেলথ— এই দু’টি বিষয়ের ক্ষেত্রে মেডিক্যাল শাখার কোনও বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক। প্রতিটি বিষয়ের জন্য ৫০টি করে আসন বরাদ্দ করা হয়েছে। তবে, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন। মোট এক বছরের মধ্যে কোর্স সম্পূর্ণ হবে।

কী ভাবে ভর্তি নেওয়া হবে?

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ডিপ্লোমার জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এ ছাড়াও তাঁদের কাজের পূর্ব-অভিজ্ঞতাও ভর্তি হওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ৩০০ টাকা ধার্য করা হয়েছে।

আগ্রহীদের অনলাইনেই ক্লাস করানো হবে। বাছাই করা প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ই-মেল মারফত ভর্তি সংক্রান্ত তথ্য এবং ভর্তি হওয়ার পর পাঠ্য বিষয়বস্তু বা স্টাডি মেটেরিয়াল পাঠাবেন। আবেদন অনলাইন পোর্টালের মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে।

Advertisement
আরও পড়ুন